ইউক্রেন এবং মলদোভার সঙ্গে সদস্যপদ আলোচনা শুরু করার রাজনৈতিক সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার (১৫ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এ আলোচনা কয়েক দশক ধরে চলতে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
পেসকভ বলেন,‘ইইউতে যোগদানের জন্য আলোচনা কয়েক বছর বা কয়েক দশক ধরে চলতে পারে। ইউরোপীয় ইউনিয়নের যোগদানের জন্য কঠোর মানদণ্ড রয়েছে এবং এটি স্পষ্ট যে, এই মুহূর্তে ইউক্রেন বা মলদোভা কেউই এই মানদণ্ড পূরণ করে না।’
তিনি আরও বলেন, ‘এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং তা স্পষ্ট। এই দেশগুলোর জন্য সমর্থন প্রদর্শন করতে চায় ইইউ। তবে এ জাতীয় নতুন সদস্যরা ইইউকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইইউর ন্যায় একই মহাদেশে বাস করায় বিষয়টি আমরা অবশ্যই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’
রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার এক শীর্ষ সম্মেলনে দেশটির সঙ্গে ইইউ-তে প্রবেশের আলোচনা শুরু করতে সম্মত হন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে হাঙ্গেরির বিরোধিতার কারণে তারা কিয়েভের জন্য ৫০ বিলিয়ন ইউরোর আর্থিক সহায়তার প্যাকেজে একমত হতে পারেননি।
পেসকভ আরও বলেন, হাঙ্গেরি রাশিয়াপন্থী দেশ নয়। তবে দেশটি নিজ স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার বিষয়টি রাশিয়াকে মুগ্ধ করেছে।







