রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনও পিছু হটবে না। রবিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নতুন বছর উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
ইউক্রেনে চলমান রুশ যুদ্ধের কথা উল্লেখ না করে নতুন বছরের বার্তায় রাশিয়ার সেনাদের প্রশংসা করেছেন পুতিন। তিনি বলেন, আমরা বারবার প্রমাণ করেছি সবচেয়ে কঠিন কাজও আমরা সমাধান করতে সক্ষম।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা কখনও পিছু হটবো না, কারণ আমাদের আলাদা করতে পারে এমন কোনও শক্তি নেই।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিন থেকে রুশ নাগরিকদের উদ্দেশে নতুন বছরের ভাষণ দিয়েছেন পুতিন। স্থানীয় সময় মধ্যরাতে এই ভাষণ প্রচারিত হবে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণকে রাশিয়া নিজেদের বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে আসছে। মস্কোর দাবি, ইউক্রেন তাদের নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হওয়ার কারণে দেশটিকে নিরস্ত্রীকরণ করতে এই অভিযান পরিচালনা করছে।
ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্রদের দাবি, রাশিয়া উসকানি ছাড়াই একটি যুদ্ধ শুরু করেছে এবং এর লক্ষ্য ভূখণ্ড দখল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহযোগিতা ও সমর্থন দিচ্ছে ন্যাটো জোটসহ পশ্চিমা দেশগুলো।









