লেখক ই জেন ক্যারলের মানহানি মামলার বিচারে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাক্ষ্য দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিচারকের সঙ্গে বাকবিতণ্ডার কারণে তার সাক্ষ্য দেওয়ার প্রত্যাশিত সময় সংক্ষিপ্ত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্যারল সম্পর্কে ট্রাম্পের মন্তব্য মানহানিকর বলে মামলার অভিযোগে উল্লেখ করেছেন ক্যারল। তবে সাক্ষ্য দেওয়ার সময় ট্রাম্প তার বিরুদ্ধে ক্যারলের করা আরেকটি পৃথক মামলার বিষয়ে কথা বলতে শুরু করেন। ওই মামলায় ১৯৯০-এর দশকে ক্যারলকে যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।
মানহানির এই মামলার তত্ত্বাবধানে রয়েছেন বিচারক লুইস কাপলান। সাক্ষ্যদানের সময় ট্রাম্পকে তার বক্তব্য সীমিত করতে বার বার জোর দিচ্ছিলেন তিনি।
বিচারক কাপলান বলেছিলেন, প্রথমদিনের বিচারে সব সত্য সামনে এসেছে এবং ট্রাম্পের বিপক্ষে কোনও সিদ্ধান্ত এলে তাকে ক্যারলকে কী পরিমাণ জরিমানা গুণতে হবে শুধু তা নির্ধারণ করা বাকি ছিল।
এই পর্যায়ে ট্রাম্পের বক্তব্যের সময় সংক্ষিপ্ত করা হয়। কেননা, চার মিনিটের সাক্ষ্যের সময় ট্রাম্পকে কী বিষয়ে কথা বলতে দেওয়া হবে তা নিয়েই তর্ক করতে অনেক বেশি সময় ব্যয় করেছিলেন বিচারক এবং আইনজীবীরা। ফলে বৃহস্পতিবার আদালতকে ট্রাম্পের সাক্ষ্য নিয়ে বিতর্কের সময় বাড়াতে হয়েছে।
মানহানির এই মামলার বিচারের পরবর্তী শুনানি স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ধার্য করা হয়েছে। তবে এই শুনানিতে ট্রাম্প অংশগ্রহণ করবেন কি না তা এখনও জানা যায়নি।








