রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র সের্গেই চেমেজভ বলেছেন, যুদ্ধ ও রুশ ভূখণ্ডে হামলায় ইউক্রেনকে যদি উসকানি দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা একটি বৈশ্বিক যুদ্ধ শুরুর ঝুঁকিতে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
চেমেজভের এই মন্তব্য পুতিনের ঘনিষ্ঠ মহলের চিন্তাধারা সম্পর্কে ইঙ্গিত দেয়। বিশেষ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে কিয়েভের সেনাদের আকস্মিক আক্রমণের পর ক্রেমলিন কী ভাবছে, সে সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। পুতিন উচিত জবাব দেওয়ার কথা বললেও প্রতিক্রিয়া কেমন হবে তা এখনও নিশ্চিত হয়নি।
যুদ্ধে রুশ সেনাবাহিনীকে বিভিন্ন অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান রসটেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চেমেজভ বলেছেন, রাশিয়া আত্মবিশ্বাসী এবং ইউক্রেনে আরও দুই বছরের বেশি সময় বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার মতো অস্ত্র রয়েছে।
ক্রেমলিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, এই লড়াই পশ্চিমা ও রাশিয়ার মধ্যকার সংঘাত। তার কথায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা যদি যুদ্ধের উসকানি দেয়, তাহলে এমন পরিস্থিতির জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। বিশেষ সামরিক অভিযানের তৃতীয় বছর চলছে। আমরা আত্মবিশ্বাসী।
যুদ্ধ কবে শেষ হবে, এই বিষয়ে কেউই কোনও সময়সীমা বেঁধে দিতে পারবে না বলে উল্লেখ করেছেন চেমেজভ। তিনি অভিযোগ করেছেন, কিয়েভকে অস্ত্র সরবরাহ ও রাশিয়ার গভীরে হামলার অনুমোদন দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
পুতিন মিত্র বলেছেন, এটি যদি আরও বেড়ে যায়, তাহলে এই সংঘাত আরও বৃহত্তর বৈশ্বিক যুদ্ধে বিশ্বের জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। অবাক করার মতো হলেও কিন্তু পশ্চিমা দেশগুলো হয়ত বুঝতে পারছে না এটি তাদের জন্য কতটা ভয়াবহ।
সোভিয়েত ইউনিয়নের পতনের আগে চেমেজভ পূর্ব জার্মানিতে কেজিবির একজন জেনারেল হিসেবে পুতিনের সঙ্গে কাজ করেছেন।
গত সপ্তাহে পুতিন বলেছেন, রুশ সেনারা রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করবে। জুন মাসে তিনি বলেছিলেন, যদি পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেন হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র ও দেশটির ইউরোপীয় মিত্রদের আঘাত করতে সক্ষম এমন দূরত্বে প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে মস্কো।
৭১ বছর বয়সী চেমেজভের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে অধিগ্রহণ করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।









