পুরো ইউক্রেন দখলের আকাঙ্ক্ষা পুতিনের এখনও রয়েছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ২০:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি হয়েছে, ইউক্রেনে যুদ্ধ অবসানের আলোচনা চললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। ছয়টি সূত্র বলেছে, পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অংশ ছিল ইউরোপের এমন কিছু ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্য ছাড়েননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, এসব গোয়েন্দা প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শান্তি আলোচক দলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করে আসছেন, পুতিন সংঘাতের অবসান চান। সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনটি গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রস্তুত করা হয় বলে একটি সূত্র জানিয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে পুতিন ইউরোপের জন্য হুমকি নন বলে দাবি করা হয় সেটিও খণ্ডন করা হয়েছে। ২০২২ সালে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ধারাবাহিকভাবে একই রকম রয়েছে। ইউরোপীয় নেতারা ও গোয়েন্দা সংস্থাগুলোর ধারণার সঙ্গেও তা মিলে যায়। তাদের মতে, পুতিন পুরো ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলোর ভূখণ্ড, এমনকি ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর অংশও দখল করতে চান।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাউজ ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন, গোয়েন্দা তথ্য বরাবরই বলছে, পুতিন আরও বেশি চান। ইউরোপীয়রা এতে নিশ্চিত। পোল্যান্ড একেবারেই নিশ্চিত। বাল্টিক দেশগুলো মনে করে, তারাই প্রথম লক্ষ্য।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে ডনবাস শিল্পাঞ্চলের লুহানস্ক ও ডনেস্কের বড় অংশ, জাপোরিজ্জিয়া ও খেরসনের কিছু এলাকা এবং কৌশলগত কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া। পুতিন ক্রিমিয়া ও এই চারটি প্রদেশকে রাশিয়ার অংশ বলে দাবি করেন।

দুটি সূত্র জানায়, প্রস্তাবিত শান্তিচুক্তির অংশ হিসেবে ট্রাম্প কিয়েভের ওপর ডনেস্কে ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ছোট একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের চাপ দিচ্ছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অধিকাংশ ইউক্রেনীয় নাগরিক এই দাবি প্রত্যাখ্যান করছেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্টের টিম উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং শান্তিচুক্তি আগের যেকোনও সময়ের চেয়ে কাছাকাছি। তবে তিনি গোয়েন্দা প্রতিবেদনের প্রসঙ্গ এড়িয়ে গেছেন।

এদিকে শনিবার এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন, আইনপ্রণেতাদের জানানো হয়েছে যে, রাশিয়া ইউরোপের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চায় এবং ইউক্রেনে রুশ বাহিনীর সক্ষমতা দেখিয়ে দিয়েছে তারা বর্তমানে ‘পুরো ইউরোপ তো দূরের কথা, ইউক্রেনও দখল করার ক্ষমতা রাখে না’। গোয়েন্দা পরিচালকের দফতর, সিআইএ ও রাশিয়ার দূতাবাস এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও রিয়েল এস্টেট উদ্যোক্তা স্টিভ উইটকফ গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছেন। মার্কিন কর্মকর্তারা অগ্রগতির কথা বললেও ভূখণ্ড প্রশ্নে বড় মতপার্থক্য রয়ে গেছে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তার মতে, শুক্রবার মিয়ামিতে ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেন কুশনার ও উইটকফ। রুশ প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠকের কথা ছিল। সোমবার বার্লিনে আলোচনায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তৃত ঐকমত্যে পৌঁছান মার্কিন, ইউক্রেনীয় ও ইউরোপীয় আলোচকেরা।

একটি সূত্র ও এক কূটনীতিক বলেন, এই নিশ্চয়তা জেলেনস্কির ভূখণ্ড ছাড়ের সম্মতির ওপর নির্ভর করতে পারে। তবে অন্য কূটনীতিকেরা জানান, বিষয়টি এমন নয়। জেলেনস্কি ভূখণ্ড ছাড় নাকচ করায় বিকল্প পথ বিবেচনায় আছে।

কূটনীতিকদের ভাষ্য, শান্তিচুক্তি স্বাক্ষরের পর কার্যকর হবে এমন নিশ্চয়তায় প্রতিবেশী দেশগুলোতে এবং ইউক্রেনের ভেতরে ফ্রন্টলাইন থেকে দূরে ইউরোপীয় নেতৃত্বাধীন একটি নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। একটি সূত্র জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর আকার ৮ লাখে সীমিত করা হতে পারে। তবে কয়েকজন কূটনীতিক বলেন, রাশিয়া আরও কম চায়, যা নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে রাজি।

তারা জানান, যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তাসহ অন্যান্য সমর্থন দেবে এবং পুরো প্যাকেজটি মার্কিন সিনেটে অনুমোদিত হবে। আলোচনার সঙ্গে পরিচিত দুই সূত্রের মতে, ইউক্রেনের আকাশে যুক্তরাষ্ট্র সমর্থিত আকাশ টহলও পরিকল্পনার অংশ।

তবে বৃহস্পতিবার জেলেনস্কি প্রস্তাবগুলো নিয়ে সতর্কতা প্রকাশ করে বলেন, একটি প্রশ্নের উত্তর এখনও পাইনি, এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো আসলে কী করবে?

পুতিন বারবার ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন প্রত্যাখ্যান করায় তিনি এসব নিশ্চয়তায় সম্মত হবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

শুক্রবার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন শান্তি নিয়ে আলোচনায় প্রস্তুতির কথা বললেও কোনও ছাড়ের ইঙ্গিত দেননি। তিনি বলেন, চলতি বছরে রুশ বাহিনী ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা অগ্রসর হওয়ায় তার শর্ত মানতে হবে।

মস্কোর দাবিতে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী, তা স্পষ্ট নয়। তবে উইটকফ আগেই ইঙ্গিত দিয়েছেন, চারটি প্রদেশ ও ক্রিমিয়ার দাবি জানাতে রাশিয়ার ‘অধিকার’ আছে। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা স্বীকার করেছেন, পুতিন হয়তো ইউক্রেন দখলের প্রাথমিক লক্ষ্য থেকে পিছু হটতে রাজি নন।

শুক্রবার সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমি জানি না পুতিন চুক্তি করতে চান, নাকি পুরো দেশটাই নিতে চান। তিনি প্রকাশ্যেই এসব কথা বলেছেন। যুদ্ধের শুরুতে তারা কী অর্জন করতে চেয়েছিল, আমরা জানি। তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী