ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে উভয় পক্ষকে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের মুখে জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বিবাদমান দুটি পক্ষকে মিয়ামিতে এক বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে। ইউক্রেন সেই আমন্ত্রণ গ্রহণ করেছে বলেও জানান তিনি। তবে শীর্ষ নেতাদের নিয়ে তিন পক্ষের বৈঠকের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা প্রয়োজনও রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আবুধাবিতে দ্বিতীয় দফা বৈঠক কোন সুরাহা ছাড়াই সমাপ্তির পর এই ঘোষণা আসলো। জেলেনস্কি বলেছেন, “সীমান্তসংক্রান্ত সমস্যাগুলোর কারণে ইউক্রেনকে বেশ চাপের মধ্যেই থাকতে হচ্ছে।”
এদিকে, আলোচনা চলাকালীন রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে বিদ্যুৎবিহীন রেখেছে। ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দুই পক্ষের প্রচুর সৈন্য নিহত হয়েছে।









