ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলেজগুলো সাধারণত উঁচু প্রাচীর ও ভারী কাঠের ফটকের আড়ালে ঘেরা থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের ছুটির সময় দর্শনার্থীরা চাইলে এসব কলেজের ভেতরেই রাত কাটাতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
অক্সফোর্ডে বছরে প্রায় ২৮ সপ্তাহ ছুটি থাকে, কারণ এখানে প্রতি সেমিস্টার মাত্র আট সপ্তাহের টার্মে বিভক্ত। ছুটির সময় ৩৯টি কলেজের অনেকগুলোই শিক্ষার্থীদের কক্ষ অতিথিদের জন্য খুলে দেয়। কখনও আধুনিক ভবনে, কখনও ভিক্টোরিয়ান ধাঁচের বাড়িতে, আবার কখনও প্রাচীন চত্বরঘেরা ভবনের ভেতরে এইসব ছাত্রাবাসে অতিথিদের বিছানা এবং সকালের খারারের সুব্যবস্থা রয়েছে।
বিবিসি প্রতিবেদক সাইমন হেপ্টইনস্টল ব্রেসনোজ কলেজে থেকেছিলেন। তার ব্যক্তিগত স্টুডেন্ট কার্ড ব্যবহার করে তিনি প্রবেশ করেন বিশাল কাঠের ফটক পেরিয়ে নিরিবিলি পাথর-বিছানো প্রাঙ্গণ, ব্যক্তিগত বাগান ও অলংকৃত স্থাপত্যের ভেতরে। তার কক্ষটি ছিল পুরোনো চত্বরঘেরা ভবনের ভেতরে, যেখানে শতাব্দীপ্রাচীন স্থাপত্যের ছাপ স্পষ্ট।
অতিথিরা ভোরে কলেজ বাগানে হাঁটতে পারেন, কাঠের প্যানেল করা ডাইনিং হলে তেলচিত্রের নিচে বসে নাশতা করতে পারেন কিংবা শতবর্ষী লাইব্রেরিতে সময় কাটাতে পারেন। অনেক কলেজে ঐতিহ্যবাহী হলঘরে খাবারের আয়োজনও থাকে।
অক্সফোর্ডে কোনো কেন্দ্রীয় ক্যাম্পাস নেই। ত্রয়োদশ শতক থেকে গড়ে ওঠা অক্সফোর্ডের প্রতিটি কলেজই স্বতন্ত্র ও স্বশাসিত প্রতিষ্ঠান। উঁচু প্রাচীরের আড়ালে রয়েছে ব্যক্তিগত বাগান, চ্যাপেল, লাইব্রেরি ও ছাত্রাবাস। সাধারণ পর্যটকদের জন্য এসব জায়গা উন্মুক্ত নয়। তাই কলেজের ভেতরে থাকা মানে একপ্রকার শিক্ষার্থীদের অভ্যন্তরীণ জগতে প্রবেশের সুযোগ।
ব্রেসনোজে একটি দুজনের কক্ষের ভাড়া ছিল ১১৫ পাউন্ড যা শহরের অনেক হোটেলের তুলনায় কম। যদিও এখানে হোটেলসুলভ বিলাসিতা রুম সার্ভিস বা মিনিবার নেই, তবু শিক্ষার্থীদের জীবনযাপনের স্বাদ নেওয়ার জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা।
অক্সফোর্ডের ইতিহাসও বেশ ঐতিহ্যবাহী। এই বিশ্ববিদ্যালয় থেকে ১২ জন ব্রিটিশ রাজা, ৪৭ জন নোবেলজয়ী, ২৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ অসংখ্য রাষ্ট্রনায়ক ও বিশিষ্ট ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন।শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষাই কলেজগুলোর প্রধান অগ্রাধিকার।
অক্সফোর্ডের কলেজে থাকা কেবল সাশ্রয়ী আবাসন নয় বরং এটি ইতিহাস, স্থাপত্য ও শিক্ষাজগতের একান্ত পরিবেশের ভেতরে প্রবেশের বিরল সুযোগ।









