ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘হত্যা’ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ। দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার এক প্রকাশ্য বিবৃতিতে মেদভেদেভ ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, তার উচিত যুদ্ধবিষয়ক মন্ত্রী ও সিআইএ পরিচালককে ডেকে এই ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটির’ সমাধান করতে বলা।
ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেন, সব মিলিয়ে ভেনেজুয়েলা, কিউবা ও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কাল্পনিক ক্ষোভের কারণে সৃষ্ট যৌথ ক্ষতির চেয়েও তার প্রকৃত স্বার্থের অনেক বেশি ক্ষতি করছেন এই লোক (জেলেনস্কি)।
ট্রাম্পকে প্ররোচিত করার চেষ্টা করে রুশ এই শীর্ষ কর্মকর্তা দাবি করেন, জেলেনস্কি ট্রাম্পকে অপমান করেন এবং যুক্তরাষ্ট্রের কাছে অর্থ ও অস্ত্র দাবি করেন। ‘কীভাবে, কোথায় বা কোন উপায়ে’ এটি করা হবে তা গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট মার্কিন সহায়তা আত্মসাৎ করছেন এবং রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাতের পরিবেশ তৈরি করছেন।
ট্রাম্পের মনে জেলেনস্কির বিরুদ্ধে বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করে মেদভেদেভ বলেন, ইউক্রেনের শাসক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গভীর ক্ষোভ পুষে রেখেছেন এবং প্রতিটি পদক্ষেপে তার প্রতি চূড়ান্ত অবজ্ঞা দেখাচ্ছেন।
তিনি আরও মন্তব্য করেন, জেলেনস্কি ‘একটি মোটা সবুজ মাছির মতো ট্রাম্পকে বিরক্ত করেন এবং যুদ্ধ চালিয়ে যেতে বেপরোয়াভাবে অর্থ ও অস্ত্র চান।’
মেদভেদেভের দাবি, ইউক্রেনের সংঘাত অবসানে ট্রাম্প বা তার উপদেষ্টারা যখনই আলোচনার প্রস্তাব দিয়েছেন, তখনই জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি শান্তি চান না বলেই প্রস্তাবগুলোকে বারবার ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মেদভেদেভ।
সূত্র: উইয়ন নিউজ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
ইসরায়েলের ভাগ্যনির্ধারণী নির্বাচন: নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী কারা