মোবাইল ফোনে নজরদারির প্রতিবাদে স্বামীর হাতের আঙুল কেটে জবাব দিয়েছেন এক স্ত্রী।ঘটনাটি ঘটেছে ভারতের আইটি রাজধানী বেঙ্গালুরুতে। এ ঘটনার পর স্বামী-স্ত্রী উভয়েই থানায় মামলা করেছেন। পুলিশ উভয় মামলাই গ্রহণ করেছে।
বিহার থেকে বেঙ্গালুরুতে আসা সুনিতা সিং ও চন্দ্র প্রকাশ সিং বিয়ে করেছেন প্রায় সাত বছর হলো। উভয়েই দুটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সম্প্রতি সুনিতা চাকরি ছেড়ে দিয়েছেন। গত ৪ মে চন্দ্র প্রকাশ অফিস থেকে ফিরে রাতের খাবার না দেখে রেগে যান। যদিও সুনিতা জানান, অনলাইনে খাবার অর্ডার দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এতে আরও ক্ষেপে যান চন্দ্র প্রকাশ। এ সময় তিনি সুনিতার মোবাইল ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। এতে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে চন্দ্র প্রকাশ জোর করে সুনিতার হাত থেকে মোবাইল কেড়ে নিতে চান। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত চন্দ্র প্রকাশ মোবাইলটি কেড়ে নিয়ে মেসেজ ইনবক্স দেখতে শুরু করেন। এ সময় উত্তেজিত হয়ে স্বামী সুনিতাকে চড় মারেন। এতে রাগান্বিত হয়ে সুনিতা রান্নাঘর থেকে ছুরি নিয়ে চন্দ্র প্রকাশে হাতে কোপাতে শুরু করেন। এতে চন্দ্র প্রকাশের হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। আহত রক্তাক্ত হাত নিয়ে তিনি স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
৪ মে ঘটনাটি ঘটলেও থানায় মামলা দেওয়ার পরই বিষয়টি জানাজানি হয়। চন্দ্র প্রকাশ অভিযোগে উল্লেখ করেছেন, সুনিতা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। বিপরীতে পাল্টা অভিযোগ সুনিতার। তিনি অভিযোগ করেছেন, তার মোবাইল ব্যবহার করা নিয়ে চন্দ্র প্রকাশ প্রায়ই তাকে নির্যাতন করতেন।
চন্দ্র প্রকাশ স্ত্রীর কাছ থেকে নিরাপত্তার জন্য চব্বিশ ঘণ্টা পুলিশি প্রহরাও চেয়েছেন। তবে পুলিশ নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
বেঙ্গালুরু পুলিশ জানায়, চন্দ্র প্রকাশের ডান হাতে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এটা একটা পারিবারিক বিষয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করার অধিকার তাদের রয়েছে। কিন্তু বিষয়টি মীমাংসার জন্য আমরা তাদের অভিভাবকদের ডেকেছি।
বেঙ্গালুরুতে আইটি খাতে কাজ করা চাকরিজীবীদের পছন্দের আবাসিক এলাকা কায়কোনাহালিতে একটি অ্যাপার্টমেন্টে স্বামী-স্ত্রী থাকতেন। সূত্র: ইন্ডিয়া টুডে।
আরও পড়ুন:
- ‘পুত্রবধূকে গৃহকর্মী নয়, পরিবারের সদস্য বিবেচনা করতে হবে’
- ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন
- অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে এক তরুণ গ্রেফতার
/এএ/








