ভারতের সুপ্রিম কোর্ট দেশটির সমকামিতাবিরোধী আইন বাতিলের জন্য দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে। দেশটির এলজিবিটি সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের জন্য এ পিটিশন দায়ের করেছিলেন।
ভারতীয় দণ্ড বিধির ৩৭৭ ধারা অনুসারে দু’টি পূর্ণবয়স্ক সমলিঙ্গের মানুষের মধ্যে সহমতের ভিত্তিতে হওয়া যৌন সম্পর্ক অপরাধ বলে গণ্য করা হয়।
আবেদনকারীদের এক আইনজীবী অরবিন্দ দাত্তার বলেন, সুপ্রিম কোর্ট পিটিশনের ওপর শুনানি খারিজ করে দিয়েছে। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনার পরামর্শ দিয়েছে আদালত।
এ সম্পর্কিত পৃথক একটি মামলার শুনানির চলছে। প্রধান বিচারপতি ৩৭৭ ধারা বাতিলের শুনানি নিজেই শুনছেন। এর আগে ভারতের শীর্ষ আদালত জানিয়েছিল, ৩৭৭ ধারা বাতিলের এখতিয়ার একমাত্র সংসদের রয়েছে।
২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ অনুচ্ছেদ খারিজ করে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন জমা পড়ে। এরপর ২০১৩ সালের ১১ ডিসেম্বর দিল্লি হাইকোর্টের ওই রায় খারিজ করে অপর এক রায়ে ৩৭৭ ধারার (অস্বাভাবিক যৌন অপরাধ) বৈধতা বহাল রাখে দেশটির সুপ্রিম কোর্ট।
ওই রায় খতিয়ে দেখার আবেদন জানিয়ে পেশ করা একগুচ্ছ রিভিউ পিটিশনকেও ২০১৪ সালের জানুয়ারিতে এক নির্দেশের মাধ্যমে খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, ১৮৬০ সালে ব্রিটিশ আমলে চালু হয় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এএ/








