ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কালিখো পালের লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ তার লাশ উদ্ধার করে। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত অরুণাচলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে খবরে বলা হয়েছে, তিনি বিষন্নতায় ভুগছিলেন। সুপ্রিম কোর্টের আদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তিনি বেশ হতাশ হয়ে পড়েন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অরুণাচলের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ওই সময়ের মুখ্যমন্ত্রী নাবাম তুকির পক্ষের ১২ জন বিধায়ক তাকে সমর্থন দিলে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তার বয়স ছিল ৪৬ বছর। কিশোর বয়সে তিনি কাঠমিস্ত্রির কাজ শিখেন। পরে তিনি ফার্নিচার বিক্রি শুরু করেন। মাসিক ২১২ রুপিতে রাতে চৌকিদারির কাজও করেছেন। নৈশ বিদ্যালয়ে পড়াশোনার জন্য পান-বিড়িও বিক্রি করেছেন।
কলেজ ছাত্র সংসদে তিন বছর সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৯৫ সালে প্রথম তিনি কংগ্রেসের হয়ে নির্বাচন করেন। পরে তিনি মন্ত্রী হন। ২৩ বছর সাংসদ জীবনে তিনি ২২ বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/








