বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের চলমান বিচার প্রক্রিয়া সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে ভারত সরকার। ৯ সেপ্টেম্বর (শুক্রবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমন অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ওয়েবসাইটে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ বিচার হচ্ছে। এ বিচারের প্রতি বাংলাদেশের জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।'
মানবতাবিরোধী অপরাধে চলতি মাসের ৩ তারিখে জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত ও দলটির জাতীয় পরিষদ সদস্য মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হয়। এর পরের সপ্তাহে ভারত এ ধরনের অভিমত ব্যক্ত করলো। এদিকে, মীর কাসেমের ফাঁসি কার্যকর করায় নিন্দা জানায় পাকিস্তান।
গত মে মাসে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পরও মানবতাবিরোধী অপরাধে বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে দিল্লি।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। পাকিস্তান এর বিরোধিতা করে একাধিকবার বিবৃতিও দিয়েছে।
এসএসজেড/এমপি/এবি








