ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি বলেছেন, এই রায় ফ্যাসিস্ট শক্তির জন্য বড় আঘাত এবং এর মধ্য দিয়ে ক্ষমতাসীন বিজেপি’র নজরদারির মাধ্যমে নিপীড়নের আদর্শকে প্রত্যাখ্যান করা হয়েছে।
টুইটারে রাহুল রায়টিকে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
রাহুল লিখেছেন, ব্যক্তিগত গোপনীয়তাকে ব্যক্তির স্বাধীনতা, মুক্তি ও মর্যাদা রক্ষার অংশ হিসেবে ঊর্ধ্বে তুলে ধরে দেওয়া রায়কে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ফ্যাসিস্ট শক্তির জন্য বড় আঘাত।
রাহুল আরও লিখেছেন, এই রায় নজরাদারির মাধ্যমে নিপীড়নের যে আদর্শ বিজেপির রয়েছে সেটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার ‘ব্যক্তিগত গোপনীয়তা’কে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জগদীশ সিংহের খেহরের নেতৃত্বে নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, সংবিধানের ২১ নম্বর ধারায় জীবনধারণের ও স্বাধীনতার অধিকার রক্ষা করা হয়েছে। ফলে ওই ধারার সঙ্গে সহজাত ভাবে জড়িত ব্যক্তির গোপনতা রক্ষা অধিকারও মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রায়ে ‘ব্যক্তিগত গোপনীয়তা’কে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া বিচারকরা বলছেন, ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে দেওয়া জীবন ধারণ ও ব্যক্তিগত স্বাধীনতার রক্ষার অংশ হিসেবেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি।








