ভারতের ‘ডেরা সাচা সৌদার’ প্রধান বাবা রাম রহিম সিংয়ের বিরুদ্ধে এক সাংবাদিক হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। সাংবাদিক রাম চন্দ্র ছত্রপাতিকে হত্যার অভিযোগে রাম রহিমসহ তার আরও তিন সহযোগীর বিচার কার্যক্রম চলেছে হরিয়ানার বিশেষ আদালতে। আগামী ১৭ জানুয়ারি রায় ঘোষিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বঘোষিত ‘বাবা’ রাম রহিম সিং এখন ধর্ষণ মামলায় ২০ বছর কারাদণ্ড ভোগ করছে।
নিহত সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে ২০০২ সালের অক্টোবর মাসে তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি ‘পুরা সাচ’ নামক সংবাদপত্রে কাজ করতেন। সংবাদপত্রটি রাম রহিমের ডেরায় কীভাবে নারীদের যৌনতায় ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল।
২০০৩ সালে তার হত্যাকাণ্ডের বিষয়ে মামলা দায়ের হয়। ২০০৬ সালে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। মামলায় গুরমিত রাম রহিম সিংকে প্রধান আসামি করা হয়। অপর তিন অভিযুক্ত রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী: কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণ লাল।
ভারতের ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের’ পক্ষে নিযুক্ত আইনজীবী এইচপিএস ভার্মা রাম রহিমসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে উল্লেখ করেছেন, আনুষ্ঠানিকভাবে রায় দেওয়া হবে আগামী ১৭ জানুয়ারি। রোহটাক জেলে কারাবন্দি থাকা অবস্থায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছে রাম রহিম।
১৯৬৭ সালের ১৫ অগস্ট রাজস্থানের গঙ্গানগর জেলার শ্রী গুরুসর মোদিয়া গ্রামে রাম রহিমের জন্ম। দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল। রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণের মতো কাজ হতো তার তত্ত্বাবধানে। অনলাইনে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দিত সে। রাম রহিমের প্রায় ৫ কোটি ভক্ত। পাঞ্জাব ও হরিয়ানায় তার সংস্থার রয়েছে বহু কেন্দ্র।
হরিয়ানার সিরসায় প্রায় ৮০০ একর জমির উপর ‘ডেরা সাচা সৌদার’ প্রধান কেন্দ্র অবস্থিত। সংস্থাটি অর্গানিক মধু, নুডলস বিক্রি করে। রাজনৈতিক দিক থেকে যথেষ্ট প্রভাবশালী রাম রহিম। ২০১৪ সালে হরিয়ানার নির্বাচনে তার দল বিজেপিকে সমর্থন করে। ২০১৫ সালে দিল্লির নির্বাচনেও বিজেপিকে সমর্থন দেয় রাম রহিম। ওই বছরেই বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারণায় নামে তার সমর্থকরা।
ধর্মীয় গুরু ছাড়াও রাম রহিম একজন গায়ক। চলচ্চিত্রে অভিনয়ও করেছে; এমএসজি: দ্য ম্যাসেঞ্জার, এমএসজি ২: দ্য ম্যাসেঞ্জার, এমএসজি: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট। ভারতে যে ৩৬ জন ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পেত তাদের একজন ছিল রাম রহিম।








