ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দল বিজেপি সব সময় রাজনৈতিক অস্পৃশ্যতা ও রাজনৈতিক সহিংসতার মতো দুটি প্রতিবন্ধকতার মোকাবিলা করেছে। কিন্তু আজ যদি কোনও দল সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হয়ে থাকে তাহলে সেটা বিজেপি। সোমবার গুজরাটের বারানসিতে লোকসভা নির্বাচনে বিশাল জয়ের পর ধন্যবাদ জ্ঞাপন ভাষণে এসব কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মোদি বলেন, আমরা ক্ষমতায় থাকলেও গণতন্ত্রের চর্চা করেছি। কিন্তু নির্বাচনে জয় আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। কয়েকটি রাজ্যে আমাদের শতাধিক কর্মী নিহত হয়েছেন শুধু রাজনৈতিক মতের কারণে। রাজনৈতিক অস্পৃশ্যতা এখন শেকড় গেড়েছে। কয়েকটি স্থানে শুধু বিজেপির নামই যথেষ্ট অস্পৃশ্যতার পরিবেশ সৃষ্টির জন্য।
টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা মোদি বলেন, কাশ্মির, কেরালা ও পশ্চিমবঙ্গে কেন আমাদের কর্মীরা নিহত বা হামলার শিকার হলো। এটা লজ্জাজনক ও অগণতান্ত্রিক। কিন্তু আজ বিজেপি জাতির রাজনৈতিক ক্যানভাস। যদি কোনও দল থাকে এবং গণতন্ত্রের চর্চা করে তাহলে তা বিজেপি।
পশ্চিমবঙ্গে বিজেপির নাটকীয় উত্থান ঘটেছে। ২০১৪ সালের নির্বাচনে মাত্র দুটি আসনে জয় পেলেও এবার ১৬টি আসন পেয়েছে দলটি। এবারের লোকসভা নির্বাচনের প্রতিটি ধাপে এই রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে জম্মু-কাশ্মিরে বিজেপির একটি আসন কমেছে।
বারানসি থেকে মোদি ৪ লাখ ৭৯ হাজার ভোটে জয়ী হয়েছেন। শুধু যে আসন ধরে রেখেছেন তা-ই নয়, ২০১৪ সালের তুলনায় এবার তার ভোট বেড়েছে প্রায় ১ লাখ।








