ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারামবির সিং বলেছেন, ভারতের নৌবাহিনী গোয়েন্দা তথ্যে জানতে পেরেছে জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গিরা ডুবোপথে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ভারতের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে যাতে করে কোনও হামলার ঘটনা না ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।
সাংবাদিকদের অ্যাডমিরাল সিং বলেন, আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি যে জয়েশ-ই-মোহাম্মদের একটি শাখা ডুবোপথে হামলা পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি এবং কড়া নজরদারি রাখছি। আমরা জনগণকে নিশ্চিত করতে চাই যে কোনও হামলা প্রতিহত করা হবে।
পুনেতে দেওয়া বক্তব্যে ভারতীয় নৌবাহিনী প্রধান জানান, ২৬/১১ হামলার পর উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং সমুদ্রসীমার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি নৌবাহিনীর হাতে রয়েছে। তিনি বলেন, কোস্টগার্ড, সমুদ্রসীমা পুলিশ, রাজ্য সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে নৌবাহিনী যে কোনও ধরনের অনুপ্রবেশ প্রতিহত করবে।
এর আগে গত মঙ্গলবার এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া বলেছিলেন, সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় বিমানবাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা তাদের (পাকিস্তান) সেনা মোতায়েন দেখছি। আকাশ প্রতিরক্ষা দায়িত্ব আমাদের এবং আমরা সব সময় সতর্ক আছি। শুধু শত্রুদের যুদ্ধবিমান নয়, আমরা বেসামরিক উড়োজাহাজেও নজর রাখছি যাতে করে পুরুলিয়ার মতো ঘটনা না ঘটে।
৫ আগস্ট ভারত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর চলমান উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ও পাকিস্তানের সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে।








