পাকিস্তানে প্রশিক্ষিত কমান্ডোদের ডুবে পথে হামলার আশঙ্কায় ভারতের প্রধান দুটি বন্দর সতর্ক অবস্থায় রয়েছে। কোস্টগার্ড ও গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বন্দর কর্মকর্তাদের উদ্দেশে জারি করা সতর্কবার্তাটি পেয়েছে। এতে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড কর্তৃক পরিচালিত মুন্দ্রা বন্দর এবং রাষ্ট্রীয় পরিচারিত কান্দলা বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও জাহাজ অপরাটেরদের সজাগ থাকতে বলা হয়েছে।
কান্দলা বন্দরের সতর্কবার্তায় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, পাকিস্তানে প্রশিক্ষিত কমান্ডোরা কুচ উপসাগরে প্রবেশ করেছে।
এর আগে ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারামবির সিং বলেছিলেন, ভারতের নৌবাহিনী গোয়েন্দা তথ্যে জানতে পেরেছে জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গিরা ডুবোপথে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে।
ভারতীয় নৌবাহিনী প্রধান জানান, ২৬/১১ হামলার পর উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং সমুদ্রসীমার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি নৌবাহিনীর হাতে রয়েছে। তিনি বলেন, কোস্টগার্ড, সমুদ্রসীমা পুলিশ, রাজ্য সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে নৌবাহিনী যে কোনও ধরনের অনুপ্রবেশ প্রতিহত করবে।
এদিকে, কাশ্মির ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের চিঠির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, পাকিস্তানের মন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ বন্ধ করে পাকিস্তান স্বাভাবিক প্রতিবেশীর মতো আচরণ করুক। স্বাভাবিক কথাবার্তা বলুক। স্বাভাবিক ব্যবসা করুক। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার ব্যাপারটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে ইসলামাবাদের নাক গলানোর কোনও সুযোগ নেই।








