ভুটানে ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভুটানের ইয়োনফুলা বিমানবন্দরের কাছে চিতা নামের ওই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে করে হেলিকপ্টারে থাকা দুই পাইলট মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
নিহত দুই পাইলটের একজন ভারতীয় বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রজনীশ পারমার এবং অপরজন ভুটানের সেনাবাহিনীর পাইলট ক্যাপ্টেন কালজাঙ ওয়াংড়ি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় সেনা প্রশিক্ষণ দলের চিতা কপ্টারে শুক্রবার দুপুরে আকাশে উড়েন রজনীশ। অরুণাচল প্রদেশের খেরমু এলাকা থেকে দুপুর ১টায় রওনা দেয় কপ্টারটি। সেনা প্রশিক্ষণের জন্য টহল দিতে উড়েছিল তা। সোয়া ১টার দিকে চিতার সঙ্গে সমস্ত রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ট্রাফিক কন্ট্রোল রুমের। এর কিছুক্ষণ পরে খবর আসে দুর্ঘটনার কবলে পড়েছে ওই কপ্টার। উদ্ধারকাজে নামে বিমানবাহিনীর কপ্টার। গুয়াহাটি ও হাসিমারার কাছে তল্লাশি শুরু হয়। শেষে ভুটানের ইয়োনফুলার বিমানবন্দরের কাছে চিতা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
ভারতের সেনাবাহিনী জানায়, দুই পাইলটের কাউকেউ বাঁচানো যায়নি। হেলিকপ্টারটি যখন উদ্ধার করা হয় ভেতরে দুই পাইলটের দেহ ঝলসে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘলা আকাশ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য বিপাকে পড়ে কপ্টারটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
১৯৭০ সালে প্রথম চিতা হেলিকপ্টার তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। ফ্রান্সের লামা এসএ ৩১৫ বি হেলিকপ্টারের আদলে চিতা তৈরি হয়েছিল। এতে পাঁচজনের বসার জায়গা থাকে।








