ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর অভিযানে আরও চার সন্দেহভাজন জঙ্গিকে হত্যার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে করে ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় নিরাপত্তা অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। রবিবার বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে পাঁচ হিজবুল মুজাহিদিন কমান্ডারের। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সোপিয়ান জেলার পিঞ্জোরা এলাকায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তল্লাশি চালানোর সময়েই হঠাৎ করে বন্দুকযুদ্ধ শুরু হয়। সেনাদের সঙ্গে সেই বন্দুকযুদ্ধে প্রাণ হারায় চার জঙ্গি। পুলিশ চার জঙ্গির পরিচয় প্রকাশ করেনি।
ভারতীয় সেনাবাহিনী জানায়, সোপিয়ান জেলার ওই এলাকায় শেষ কয়েকদিন ধরেই সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। সেই অপরেশনের মধ্যেই হঠাৎ করে রবিবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়।
এর আগে, গত ৩ জুন কাশ্মির উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পাওয়ার দাবি করে ভারত। ওইদিন পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টার মাইন্ডকে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী। জয়েশ–ই–মুহম্মদের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সদস্য হায়দার ওরফে ইদ্রিশ ওরফে ফৌজিভাই ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরিকল্পনাকারী ছিল। আত্মঘাতী ওই হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন সিআরপিএফ জওয়ানের।
রবিবারের ঘটনার পর স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থল অভিমুখে যাত্রা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা কাশ্মিরে ভারতীয় দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দেয়। পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের দিকে পাথর ছুড়ে মারে অনেকে। নিরাপত্তা বাহিনীও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং শটগানের গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।








