ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রেনাল প্যারামিটারে (কিডনি) যে সমস্যা দেখা দিয়েছিল শনিবার তাতে সামান্য উন্নতি হয়েছে। তবে রবিবার তার শারীরিক অবস্থায় আর কোনও পরিবর্তন হয়নি। রবিবার দিল্লির সেনা হাসপাতাল আরও জানিয়েছে, এখনও গভীর কোমায় রয়েছেন তিনি।
রবিবার দিল্লির সেনা হাসপাতালের তরফে বুলেটিনে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তার রক্তচাপ স্থিতিশীল রয়েছে।
এর আগে বুধবারের বুলেটিনে সেনা হাসপাতাল জানায়, প্রণবের রেনাল প্যারামিটারে কিছু বদল হয়েছে। তার এই শারীরিক অবস্থার মধ্যে রেনাল প্যারামিটারে কিছুটা বদল হওয়ায় চিন্তায় পড়েন চিকিৎসকরা। যদিও শনিবার সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই মাথায় অস্ত্রোপচার হয় তার।
অস্ত্রোপচারের আগেই পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।








