দিল্লিতে দিনভর কৃষক বিক্ষোভের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীর্ষ নিরাপত্তা এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তবও উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন। নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণের পর বৈঠক থেকে দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েনের মতো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস আর মোড়ে মোড়ে বসানো কাঁটাতারের ব্যারিকেড ভেঙে মঙ্গলবার দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে পৌঁছে গেছে ভারতের আন্দোলনরত কৃষকেরা। ভেতরে প্রবেশের পর দূর্গের চূড়ায় উড়িয়ে দেওয়া হয়েছে কৃষক আন্দোলনের পতাকা। পূর্ব ঘোষিত ট্রাক্টর র্যালি নিয়ে কৃষকেরা মঙ্গলবার দিল্লি অভিমুখে রওনা দিলে তাদের ঠেকাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ।
দিনভর কৃষক বিক্ষোভের পর সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সারাদিনে বিক্ষোভ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। বিক্ষোভের পর দিল্লির কয়েকটি এলাকা এবং আশেপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ভারতের নতুন প্রবর্তিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে গত দুই মাস ধরে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে কৃষকেরা। দিল্লির প্রবল ঠান্ডার মাঝে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের সঙ্গে ভারত সরকারের ১১ বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে। তবে তা মেনে নিতে অস্বীকার করে আসা কৃষকেরা প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র্যালির কর্মসূচি ঘোষণা করে।








