ভারতের নিজস্ব প্রতিষ্ঠান ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন সরবরাহ বন্ধ রাখতে কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়েছে দেশটির ছত্তিশগড় রাজ্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জানিয়েছেন, তৃতীয় পর্যায়ের পরীক্ষা সম্পন্ন না হওয়া এবং ভায়ালের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভ্যাকসিনটি নিয়ে উদ্বেগ রয়েছে তাদের। এসব ইস্যু নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিনটি ছত্তিশগড়ে সরবরাহ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এসব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ড, হর্ষ বর্ধন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তৃতীয় পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই গত মাসে কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দেয় ভারতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে এই টিকাটি প্রয়োগ হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষার আদলে। যার অর্থ হলো টিকা গ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দিল্লির ছয়টি কেন্দ্র সরকার পরিচালিত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর ভ্যাকসিনটির প্রয়োগ চলছে।
কোভ্যাক্সিন নিয়ে কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগের জবাব দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন। তিনি জানান, রাজ্য সরকারগুলোর কাছে যেসব ভ্যাকসিন পাঠানো হচ্ছে সেগুলো নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এছাড়া মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার উদ্বেগটি যথাযথ নয় বলেও দাবি করেন তিনি। ভ্যাকসিন ভায়ালের লেবেলে এই তারিখ রয়েছে বলে জানান তিনি।









