ভারতের পুড়ুচেরির একটি কলেজের তরুণ শিক্ষার্থীদেরকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনুরোধ করেছেন তারা যেন তাকে স্যার না ডাকে। নাম ধরেই যেন তাকে সম্বোধন করা হয়। এক শিক্ষার্থীর পক্ষ থেকে স্যার বলে সম্বোধনের পর এমন অনুরোধ জানান ৫০ বছর বয়সী এ পার্লামেন্ট সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মে মাসে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার পুড়ুচেরিতে দলীয় প্রচার চালাতে যান রাহুল। এদিন স্থানীয় একটি মহিলা কলেজে যান তিনি। সেখানেই দর্শকদের মধ্যে থেকে এক ছাত্রী প্রশ্ন করতে উঠে বলেন, ‘‘স্যার, আমার একটা প্রশ্ন আছে।’ ওই শিক্ষার্থীকে তখন থামিয়ে দিয়ে রাহুল বলেন, ‘আমার নাম স্যার নয়, আমি রাহুল। দয়া করে আমাকে রাহুল ডেকো।’
এই কথার সঙ্গে সঙ্গেই হাততালিতে ফেটে পড়ে জমায়েত হওয়া জনতা। রাহুল তার কথার যুক্তি হিসেবে বলেন, ‘‘তোমরা তোমাদের অধক্ষ্যকে স্যার বলতে পারো, শিক্ষকদের স্যার বলতে পারো। কিন্তু আমাকে বলো না। দয়া করে আমাকে রাহুল ডেকো।’’
এই কথার পর আবারও হাততালিতে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা। তখন মঞ্চ থেকে কেউ একজন বলে ওঠেন, ‘তারা বোধহয় আপনাকে রাহুল আন্না ডাকতে পারে।’
রাহুলের সঙ্গে সঙ্গে উত্তর, ‘হ্যাঁ, আমাকে রাহুল আন্না ডাকতে পার। সেটাই ভাল।’
ফেসবুকে কংগ্রেসের পেজে শেয়ার করা এই ভিডিওটি এরইমধ্যে ২৮ হাজার বার দেখা হয়েছে। কংগ্রেস পার্টি এ ভিডিওকে ‘ক্যান্ডিড মোমেন্ট’ বলে উল্লেখ করেছে।









