পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৭৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদের মধ্যে মুসলিম প্রার্থী রয়েছেন ৬ জন।
মুসলিম প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন মাফুজা খাতুন। লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী হয়ে সাড়ে ৩ লাখের বেশি ভোট পেয়েছিলেন মাফুজা। ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপির সংসদীয় দলের বৈঠকে তার প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মাফুজা খাতুনকে বিজেপি এ বার প্রার্থী করেছে সাগরদিঘী আসনে।
সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকা থেকেই এদের প্রার্থী করেছে বিজেপি। বিজেপি সূত্রে বলা হচ্ছে, আরও কয়েকজন সংখ্যালঘুকে প্রার্থী করার ব্যাপারে এক প্রবীণ নেতা পরামর্শ দিয়েছেন। তবে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
রঘুনাথগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন গোলাম মোদার্শা। মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে মেহবুব আলমকে। এ ছাড়া মুর্শিদাবাদের ডোমকল আসনে প্রার্থী হয়েছেন রুবিয়া খাতুন। ওই জেলারই রানীনগরে প্রার্থী করা হয়েছে মাসুহারা খাতুনকে। আর উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে প্রার্থী করা হয়েছে গুলাম শারওয়ারকে।
বৃহস্পতিবার বিজেপির পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক অরুণ সিং জানান, তৃণমূল থেকে আসা দলের প্রবীণ নেতা মুকুল রায় এ বার কৃষ্ণনগর উত্তর আসনে প্রার্থী হচ্ছেন। তিনি সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নেতা। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় প্রার্থী হবেন দলের সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা। সূত্র: দ্য ওয়াল









