তীব্র উত্তেজনার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাঝখানে আট কিলোমিটার পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনি আসন নন্দীগ্রামে আয়োজিত এই পদযাত্রায় হুইলচেয়ারে করে অংশ নেন তিনি। এর আগে সেখানে একটি জনসভাতেও ভাষণ দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এই মাসের শুরুর দিকে নন্দীগ্রামে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন চার-পাঁচ জন মিলে তাকে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়ে আহত হন তিনি। নন্দীগ্রামে নিজের সাবেক সহযোগী এবং নতুন যোগ দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন তিনি।
ফেসবুকে পোস্ট করা তৃণমূল কংগ্রেসের একটি ভিডিওতে দেখা গেছে, হুইলচেয়ারে করে সমবেত মানুষের প্রতি করজোড়ে সমর্থন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে থাকা দলীয় কর্মীরা পতাকা বহন করছেন।
পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার নির্ধারণে রাজ্যটিতে আট ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার প্রথম ধাপের নির্বাচনে ভোট দিয়েছে প্রায় ৮০ শতাংশ ভোটার। নন্দীগ্রামে দ্বিতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগামী ২ মে ফলাফল ঘোষণা করা হবে।








