ভারতকে গাছ আলিঙ্গন শিখিয়েছিলেন যে ব্যক্তি

বিদেশ ডেস্ক
২২ মে ২০২১, ১৫:৪৪আপডেট : ২২ মে ২০২১, ১৫:৪৪
image

একবার এক সাক্ষাৎকারে সুন্দরলাল বহুগুনা বলেছিলেন, ‘পৃথিবীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে আমরা সহিংসতা করছি। আমরা প্রকৃতির হত্যাকারীতে পরিণত হয়েছি।’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই প্রকৃতিপ্রেমী। পরিবেশ রক্ষা করতে ভারতীয়দের গাছ আলিঙ্গন করতে শিখিয়ে সারা পৃথিবীতে তিনি পরিচিত ছিলেন। ১৯৭০ এর দশকে উত্তর ভারতে জনপ্রিয় হয়ে ওঠা চিপকো আন্দোলনের মূল নেতা ছিলেন তিনি। হিন্দিতে চিপকোর অর্থ ‘আলিঙ্গন’।

বহুগুনা এবং তার সহ অ্যাক্টিভিস্ট চান্দি প্রসাদ ভাটের আহ্বানে ভারতীয় হিমালয় অঞ্চলের বহু নারী-পুরুষ গাছ কাটা ঠেকাতে গাছ আলিঙ্গন করেছেন বা সেগুলোর সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিলেন। এর মধ্য দিয়ে তিনি শক্তিশালী একটি প্রতিকী বার্তা দিতে পেরেছিলেন ‘গাছের আগে আমাদের শরীর।’ এই আন্দোলনের মধ্য দিয়ে পৃথিবীর উচ্চতম পার্বত্য এলাকায় গাছ কাটার মধ্য দিয়ে পরিবেশগত সংকটের প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট হয়েছিলো।

১৯৭০ সালে উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যা গ্রামবাসীদের কাছে কঠিন হুঁশিয়ারি হয়ে আসে। এবং দীর্ঘদিন চিপকো আন্দোলন পর্যবেক্ষণ করে আসা ভারতের ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বলেন, ভূমিধস এবং বন্যার সঙ্গে বনাঞ্চল ধ্বংসের সম্পর্ক নিয়ে সচেতন হয়ে ওঠেন গ্রামবাসীরা।

এর তিন বছর পর বহুগুনা এবং অনুসারী অ্যাক্টিভিস্টরা গাছ আলিঙ্গন শুরু করেন। তরুণেরা প্রকৃতি রক্ষায় রক্ত দেওয়ার শপথ নেয়। খুব শিগগিরই হিমালয় অঞ্চলের নারীরাও এই আন্দোলনের অভিন্ন অংশ হয়ে ওঠেন। গাছ আলিঙ্গনের পাশাপাশি এতে রাখিও বেঁধে দেন তারা। অনেকে বরফের ওপর দিয়ে হেঁটে গিয়ে কাঠুরেদের গাছ কাটার সরঞ্জাম কেড়ে নিতে থাকেন।

ভারতের বহু নারী অংশ নিয়েছেন চিপকো আন্দোলনে

হিমালয় অঞ্চলে বেড়ে ওঠা বহুগুনা পরিবেশের সঙ্গে গাছের সম্পর্ক ভালোভাবেই বুঝেছিলেন। তিনি লিখেছেন, বন ধ্বংসের কারণে উর্বর ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে আর গ্রামের পুরুষেরা কাজের সন্ধানে শহরে ভিড় করতে বাধ্য হচ্ছে। আর সেই কারণেই  কৃষিকাজ বাদ দিয়ে গবাদি পশুর খাদ্য, জ্বালানি এবং পানি সংগ্রহের মতো সব দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে নারীরা। ফলে নারী অধিকার রক্ষার আন্দোলনে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে ওঠে চিপকো মুভমেন্ট।

পরের কয়েক বছরে লম্বা দাঁড়িওয়ালা বহুগুনা শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়ে ওঠেন। তার সঙ্গে যোগ দিতে থাকে কলেজ শিক্ষার্থী আর নারীরা। তারা শান্তিপূর্ণ মিছিল, গাছ আলিঙ্গন এবং অনশন করতে থাকেন।

তার আন্দোলনের কারণে ১৯৮১ সালে উত্তরাখন্ডে বাণিজ্যিকভাবে গাছ কাটার ওপর ১৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুই বছর পরে পরিবেশগত সংকটের প্রতি মনোযোগ আকর্ষণ করতে হিমালয় এলাকায় চার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেন তিনি।

১৯৯২ সালে মাথা টাক করে ভারতের সবচেয়ে উঁচু তেহারি বাঁধে অনশনে বসেন সুন্দরলাল বহুগুনা। এই বাঁধ নির্মাণের কারণে অন্য আরও অনেকের মতো তিনিও নিজের পূর্বসূরীদের ভিটে হারিয়েছিলেন তিনি। অক্লান্ত এই আন্দোলনকারী কখনওই আপোষ করেননি। বন কর্মকর্তাদের দূর্নীতি আর বেসরকারি চুক্তিকারকদের অনৈতিক উপায়ে গাছ কাটার বিরুদ্ধে সব সময়ই সরব ছিলেন তিনি।

স্ত্রীর সঙ্গে সুন্দরলাল বহুগুনা

বহুগুনার আন্দোলন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখুন খোলামেলাভাবে বলি, এই আন্দোলনের সব উদ্দেশ্য আমি জানি না। তবে এটা যদি গাছ কাটা বন্ধের জন্য হয় তাহলে আমি এর পাশে আছি।’

সময় গড়ালেও বহুগুনার আন্দোলনের প্রতীক টিকে আছে। ২০১৭ সালে মুম্বাইয়ে রেলওয়ে স্থাপনা করতে গিয়ে প্রায় তিন হাজার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হলে সেগুলোকে আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকেন সেখানকার অ্যাক্টিভিস্টরা।

মহাত্মা গান্ধীর আদর্শ ধারণ করতেন সুন্দরলাল বহুগুনা। ছোট একটি আশ্রমে বাস করতেন তিনি। সহিংসতাকে ঘৃণা করা এই প্রকৃতিপ্রেমী রাজনীতি থেকেও দূরে ছিলেন। তবে বিশ্বাস করতেন আত্মনির্ভরতায়। ভারতের জ্বালানি সংকট নিরসন এবং টেকসই সমাজ গড়ে তুলতে তিনি মানুষের বর্জ্য থেকে বায়োগ্যাস, সোলার শক্তি, বাতাস এবং নদীর স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বলতে।

১৯২৭ সালে ভারতের বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের তেহারি জেলায় জন্ম নেন সুন্দরলাল বহুগুনা। চারপাশে শাল, ওক আর দেবদ্বারু গাছের সঙ্গেই বেড়ে উঠেছিলেন তিনি।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম