পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাদ মিটছেই না। মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য, এমন অবস্থান স্পষ্ট করে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা।
পাঁচ পাতার চিঠিতে আলাপনকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন, ‘রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ জারি করার আগে রাজ্যের সঙ্গে কোনও কথাই হয়নি। কেন্দ্রের একতরফা নির্দেশে আমি হতভম্ব, স্তম্ভিত। এই নির্দেশ বেআইনি, নজিরবিহীন এবং অসাংবিধানিক। রাজ্যের জনস্বার্থে এই নির্দেশ প্রত্যাহার করা হোক।’
মমতা লিখেছেন, ‘চার দিনের মধ্যে দুই রকমের নির্দেশ। কেন এই নির্দেশ বদল বুঝিনি। আশা করি কলাইকুণ্ডা বৈঠকের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।’ বদলির নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য।’
মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানোর নির্দেশ প্রত্যাহারের জন্য শনিবারই অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই জল্পনা চলছিল, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ অর্ডার দেয় কিনা।
রবিবারই নবান্ন সূত্রে পাওয়া খবরে স্পষ্ট হয়, মুখ্যসচিবকে দিল্লি যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার। তাতেই সিলমোহর পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে। এরপর কেন্দ্র কোন পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গসহ ভারতের জাতীয় রাজনীতিও। সূত্র: ইন্ডিয়া টাইমস।









