‘শিগগিরই মিনি বাংলাদেশে পরিণত হবে পশ্চিমবঙ্গ’

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ১৭:২২আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৮:৩৬



ভারতের পশ্চিমবঙ্গ শিগগিরই ‘মিনি বাংলাদেশ’ হয়ে উঠতে পারে। এমন আশঙ্কা দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীর। পরপর দুই দিন ধরে তিনি একই ধরনের আশঙ্কা প্রকাশ করায় বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

‘শিগগিরই মিনি বাংলাদেশে পরিণত হবে পশ্চিমবঙ্গ’

বিজেপি’র এ কেন্দ্রীয় নেতা একইসঙ্গে দলটির পশ্চিমবঙ্গ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা। গত রবিবার রাতে তিনি সাংবাদিকদের কাছে পশ্চিমবঙ্গের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের মালদা এবং বিহারের পূর্ণিয়ায় সহিংস বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘অসহিষ্ণুতার নামে সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়া সেলিব্রিটিরা এ নিয়ে নিশ্চুপ কেন?’

এক প্রশ্নের উত্তরে কৈলাস বিজয়বর্গী বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে মালদার ঘটনাকে ইস্যু করতে চাই না। কিন্তু এ রাজ্যের মানুষদের এ নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। যদি মমতা এবং তার সরকার এই ঘটনায় শামিল লোকদের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে শেষমেশ এ রকম না হয়ে যায় যে, পশ্চিমবঙ্গ আগামী দিনে মিনি বাংলাদেশে পরিণত হয়ে ওঠে!’

তিনি বলেন, ‘মিডিয়াকে আমি খুব সম্মান করি। কিন্তু যত সময় ধরে উত্তর প্রদেশের দাদরির ঘটনার কভারেজ দেওয়া হয়েছে; তার ১০ শতাংশও পূর্ণিয়া এবং মালদার ঘটনায় দেওয়া হয়নি।’

একদিন আগেই শনিবার নদিয়ার শান্তিপুরে দলীয় এক সভায় কৈলাস বিজয়বর্গী মালদার ঘটনার উল্লেখ করে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে বলেন, ‘এভাবে রাজত্ব চলতে থাকলে পশ্চিমবঙ্গ মিনি বাংলাদেশ হয়ে যাবে।’ কৈলাস বিজয়বর্গী ওই সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিদির পরিবর্তে মাসি বলে কটাক্ষ করেন।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দেখলে চিন্তা হয়। কারণ তিন দিন আগে মালদার কালিয়াচকে থানা লুট হলো। পুলিশকে গ্রামের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতে হলো। যারা এমন কাণ্ড ঘটাল, তারা কি দিদির আত্মীয়? প্রতিবেশি বাংলাদেশ থেকে দুর্বৃত্তরা এসে এমন কাণ্ড ঘটাচ্ছে। মাসির বাড়িতে এসে আগুন লাগিয়ে চলে যাচ্ছে। দিদি (মমতা) নন, উনি মাসি। সন্ত্রাসবাদীরা এখানে এসে নানা কার্যকলাপ করছে। এখানকার বাজারে জাল নোট ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মাসির বোনপোরা এখানে এসে গরু নিয়ে যাচ্ছে। মাসির সব বোনপোরা এভাবে এলে, এভাবে রাজত্ব চললে পশ্চিমবঙ্গ মিনি বাংলাদেশ হয়ে যাবে।’

কৈলাস বিজয়বর্গী রাজ্য থেকে মমতা সরকারকে হটানোর ডাক দেন। তিনি বলেন, ‘সামনের নির্বাচনেই মাসিকে ভোটের মাধ্যমে বৃন্দাবনে পাঠিয়ে দিন। উনি সেখানে গিয়ে মালা জপ করুন। বাংলা ভাষা, নিজস্ব সংস্কৃতি বাঁচাতে হলে মমতাকে হঠান’।

প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তর প্রদেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে তীব্র আপত্তিকর মন্তব্য করেন দেশটির হিন্দু মহাসভা নেতা কমলেশ তিওয়ারি। এর প্রতিবাদে গত ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকে কমলেশ তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ এবং ফাঁসির দাবিকে কেন্দ্র করে কালিয়াচক থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি এবং অন্যান্য যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারি কমলেশ তিওয়ারির ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে বিহারের পুর্ণিয়া জেলার বায়সি থানা এলাকা। সেখানেও বিক্ষোভকারীদের একাংশ থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরপর এ ধরনের দুটি ঘটনায় বিজেপি’র কেন্দ্রীয় নেতারা তীব্র উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মালদার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিএসএফ এবং স্থানীয় লোকজনের মধ্যে গোলমালের ফলেই এই ঘটনা ঘটেছে। এটি কোনও সাম্প্রদায়িক উত্তেজনা বা উস্কানিমূলক ঘটনা নয়।’

রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম