ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। দলটির নামে হুমকি দিয়ে পাঠানো চিঠি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সংগঠনের নামে একটি সিডি ও হুমকির চিঠি ফেলে দিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার সকালে প্রেস ক্লাবের দরজা খুলতে গিয়ে বারান্দার মধ্যে একটি সিডি ও হুমকির চিঠি পড়ে থাকতে দেখা যায়। চিঠিতে লেখা রয়েছে, ‘সিডির বক্তব্য সমস্ত চ্যানেলে দেখানো না হলে হিংসার শিকার হতে হবে।’
সিডিতে তৌসিব আলী পরিচয় দানকারী এক ব্যক্তি নিজেকে হিজবুলের এরিয়া কমান্ডার দাবি করে বক্তব্য রেখেছেন। এতে বলা হয়েছে, রাজ্যে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে তাতে তার ছয় জন আত্মীয় রয়েছে। তাদের নিয়োগ করা না হলে ১৫ আগস্টের মধ্যে নাশকতা ঘটানো হবে।
এ ধরনের হুমকি চিঠি ও ভিডিও বার্তা পাওয়ার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রেস ক্লাবে পৌঁছান রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা ও গোয়েন্দা কর্মকর্তারা। চিঠি ও সিডির বক্তব্য খতিয়ে দেখেন তারা।
প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার বলেন, ‘আজ সকালে প্রেসক্লাবের দরজা খোলার পর বারান্দার মধ্যে এই হুমকির চিঠি ও সিডি পাওয়া গেছে। পুলিশ প্রশাসনকে জানানোর পর তারা এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখছেন তারা। অন্যদিকে রায়গঞ্জ পুলিশ জেলার এএসপি আর্শ ভার্মা বলেন, ‘হিজবুল মুজাহিদিনের নাম করে প্রেস ক্লাবের বারান্দায় চিঠি ও সিডি পাওয়া গেছে। কারা, কোথা থেকে এবং কেন এই সিডি পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি।’









