ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা রাম মাধব অসহিষ্ণুতা বিষয়ে বলিউড অভিনেতা আমির খানের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। রাম মাধব বলেছেন, ‘নিজের স্ত্রীকে উপদেশ না দিয়ে দেশের সম্মান কিভাবে রক্ষা করা যাবে এ বিষয়ে শুধু অটোরিকশা চালককে উপদেশ দিলেই কাজ হবে না।’
বৃহস্পতিবার দিল্লি ইউনিভার্সিটির এসজিবিটি খালসা কলেজের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাম মাধব এ কথা বলেন।
রাম মাধব বলেন, ভবিষ্যতে যাতে পুরস্কার ফিরিয়ে দিতে না হয় সে ব্যবস্থা সরকার করবে। সব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে ব্যক্তিগতভাবে সবাইকে দেশের সম্মান রক্ষায় কাজ করতে হবে। দেশের সীমান্ত ও ভাবমূর্তি রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর বিশ্বের ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানান এই বিজেপি নেতা।
ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, ‘নিজের সন্তানদের নিয়ে কিরণ এতটাই শঙ্কিত যে, একবার আমাকে সে জিজ্ঞেস করেছিলেন, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’ এরপর সারা ভারত জুড়ে সমালোচনা মুখে পড়েন এই তারকা। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমল থেকে গত দশ বছর ধরে ভারত সরকারের বহুল প্রচারিত ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেইনে আমির খানকে বাদ দেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনে ভারতে পর্যটন শিল্পের প্রচারে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পালন করে আসছিলেন আমির খান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/








