আফগানিস্তানে তালেবানের সরকার গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দলটির একজন শীর্ষস্থানীয় নেতা আনাস হক্কানি।
তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন সরকার একটি রূপ লাভ করবে। তবে সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি।
আনাস হক্কানি বলেন, সরকার গঠনের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি-ও জানিয়েছেন, তালেবান আগামী কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করবে। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার এ তথ্য জানান তিনি। এদিন ইসলামাবাদে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করি আফগানিস্তানে আগামী দিনে একটি ঐকমত্যের সরকার গঠিত হবে।’









