লখিমপুরের খিরিতে কৃষক ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সীতাপুর থেকে আটক করা হয়। এ ঘটনায় বোনের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। যোগী সরকারকে নিশানা করে বোনের প্রতি রাহুলের বার্তা, ‘তোমার সাহস ওদের ভয়ের কারণ।’
টুইটারে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, আমি জানি তুমি এই লড়াই থেকে পিছিয়ে আসবে না। ওরা তোমার সাহসকে ভয় পায়। ন্যায়বিচারের জন্য এই লড়াইয়ে আমরাও আছি। আমরা একসঙ্গে দেশের কৃষকদের জয়ী করবো।’
রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয় কৃষকরা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি দুই কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিল মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে চার কৃষকসহ মোট আট জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে দলীয় নেতাদের নিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা গান্ধী।
কংগ্রেস বলছে, রবিবার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতারা। এক পর্যায়ে পুলিশ গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় তার লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয়েছে কনভয়। হরগাঁও থেকে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে পুলিশের দাবি, লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
প্রিয়াঙ্কাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি কংগ্রেস টুইট করে এই ঘটনার কথা জানিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ গৃহবন্দি করে রেখেছিল উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককে। লখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী রবিবারের ঘটনার কথা বর্ণনা করে বলেন, ‘এই দেশে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার কোনও নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে। কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখালো যে, এই সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে। তবে এই দেশ কৃষকদের দেশ।’
এদিকে এই ঘটনায় অশান্ত উত্তরপ্রদেশের একাধিক এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বেশ কিছু জেলায় সিআরপিসি ধারা ১৪৪-এর অধীনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র: জি নিউজ।









