ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে ইসলামিক স্টেটের (আইএস) নামে একটি চিঠি পাঠানো হয়েছে। ভারতের গো মাংস নিষিদ্ধ করায় এ হুমকি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানা গেছে।
আইএসের নামে হত্যার হুমকি দিয়ে ওই চিঠি পাওয়ার পর দেশটির গোয়া রাজ্যের পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পোস্টকার্ডে মোদি ও পারিকারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনারা যেহেতু গো মাংস খেতে দিচ্ছেন না, তাই আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
গোয়া পুলিশের মহাপরিদর্শক ভি রেঙ্গানাথান জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
পোস্টকার্ডটি স্থানীয়ভাবে পোস্ট করা হয়েছে এবং তদন্তে অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা রয়েছেন বলে নিশ্চিত করেছেন মহাপরিদর্শক।
পুলিশ জানিয়েছে, মনোহর পারিকারের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া গোয়ার সবগুলো থানায় চিঠিটি পাঠানো হয়েছে।
/এএ/








