চুরির নানা রকম কায়দা কৌশল শোনা যায়। কিন্তু ভারতের গুজরাটের আহমেদাবাদে এক পরিচারক তার মালিকের বাড়ি চুরি করতে যে কৌশল নিয়েছে সেটি রীতিমতো বিস্ময়কর।
৩৪ বছরের ওই ব্যক্তির নাম মোহিত সিংহ চৌহান। রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। আহমেদাবাদের বসন্ত বিহার সোসাইটি রেসিডেন্সে মোহিত মারাদিয়া নামে এক ব্যক্তির বাড়িতে পরিচারকের কাজ করতেন। কিন্তু বছর দুয়েক আগে তার কাজ চলে যায়।
বেশ কয়েক বছর ওই বাড়িতে কাজ করার সুবাদে ঘরের খুঁটিনাটি ছিল মোহিতের নখদর্পণে। কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোথা দিয়ে ঢুকলে নজরে আসবে না। শুধু তাই নয়, মারাদিয়া পরিবারের কোথায় মূল্যবান জিনিস, গয়না ও নগদ অর্থ রাখা হয় তা-ও জানত সে। শুধু সুযোগের অপেক্ষায় ছিল।
মোহিত ভাল করেই জানতো, ওই বাড়িতে ঢুকতে গেলে স্লাইডিং জানালাই ভরসা। কিন্তু সেখানে সমস্যা তৈরি হয় তার স্থূলকায় দেহ। তাই স্থির করে, তার দেহের আকার কমাতে হবে। আর সেটা করতে গিয়ে তিন মাস ধরে দিনে শুধু এক বেলা খাওয়া শুরু করে। বেশ কয়েক মাস আগে সে জানতে পারে মারাদিয়া পরিবার কয়েক দিনের জন্য ঘুরতে যাচ্ছে। আর সেটাকেই কাজে লাগানোর জন্য ডায়েট করা শুরু করে সে।
মারাদিয়া পরিবার ঘুরতে যাওয়ার পরই মোহিত সাইকেল নিয়ে হাজির হয়। জানালা কেটে তার মধ্য দিয়ে অনায়াসে গলে ঘরের ভিতরে ঢুকে পড়ে। নগদ ও গয়না মিলিয়ে প্রায় ৩৮ লাখ রুপি চুরি করে পালায় মোহিত। মারাদিয়া বাড়ির সিসিটিভি ক্যামেরাকে ধোঁকা দিলেও রাস্তার ক্যামেরাকে ধোঁকা দিতে পারেনি। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে মোহিত। সূত্র: আনন্দবাজার।









