শান্তিনিকেতনে ভেঙেছে বাংলাদেশ ভবনের ছাদের একাংশ, খসে পড়ছে পলেস্তারা

রক্তিম দাশ, কলকাতা
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৮

করুণ অবস্থা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ ভবনের। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে ভবনের ছাদের নিচের একাংশ। একাধিক জায়গায় খসে পড়ছে পলেস্তারা। পরিস্থিতি এতটাই বিপজ্জনক, ওই ছাদের নিচে কেউ থাকলে তার মাথায় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৮ সালের ২৫ মে এই ভবন উদ্বোধন করেছিলেন বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। তৈরির সময় থেকে এই ভবনের পরিকাঠামো এবং নকশা নিয়ে একাধিক বিতর্ক দেখা দিয়েছিল। শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের সব থেকে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর অন্যতম বাংলাদেশ  ভবন। করোনাকালে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘদিন বন্ধ রয়েছে এই ভবনে। মূলত বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই ভবনে।

শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন

বাংলাদেশ ভবনের প্রবেশ পথের বাইরে থেকে দেখা গেছে, ভবনের বাইরে দিকে যে ছাদ রয়েছে তার নিচের একটা বড় অংশ ভেঙে পড়েছে। এই ছাদের নিচের অংশে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। এমনকি কয়েকটি অংশে পলেস্তারাও খসে পড়ছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিনিকেতনের আশ্রমিক এবং প্রাক্তনীরা। তাদের অভিযোগ, ভারত-বাংলাদেশের মৈত্রীর প্রতীক এই বাংলাদেশ ভবন। এই ভবন রক্ষা করতে বিশ্বভারতীকে আরও বেশি সচেষ্ট হতে হবে। তাদের প্রশ্ন, এত টাকা খরচ করে এই ভবন তৈরি করা হয়েছে, তাহলে এই অবস্থা হবে কেন?

আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, বিশ্বভারতীর বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনগুলোর অবস্থা খারাপ। বাংলাদেশ ভবন তো এই চার বছর আগে তৈরি হয়েছে। এরমধ্যেই ভেঙে পড়ছে, ভাবা যায় না। রক্ষণাবেক্ষণের অভাব।

এই বিষয়ে জানতে চেয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তাকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। 

এই ভবনের উদ্বোধন করেছিলেন বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

বিশ্বভারতী সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বাংলাদেশ ভবন তৈরির জন্য ২৫ কোটি রুপি দেয় বাংলাদেশ সরকার। শান্তিনিকেতনের দক্ষিণপল্লিতে প্রায় দুই বিঘা জমির ওপর এই ভবন তৈরি করে ভারত সরকারের ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি। এখানে একটি উন্নত মানের ডিজিটাল গ্রন্থাগার, জাদুঘর রয়েছে। এই জাদুঘরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধের সময়ের ডাকটিকিট, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকারের একাধিক নির্দেশ।

একইভাবে শাহাজাদপুরে কাছাড়িবাড়িতে প্রাপ্ত কবিগুরুর স্মৃতিবিজড়িত কেরোসিন বাতি, ঢাকনাযুক্ত বাটি, লবণদানি এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এসবের প্রতিটি গুরুদেব ব্যবহার করেছেন।

এছাড়া সুলতান যুগের বিভিন্ন মুদ্রা, ব্রিটিশ আমলের মুদ্রা, পনেরো-ষোল শতকের মাটি খনন করে প্রাপ্ত টেরাকোটার মূর্তিসহ একাধিক মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে জাদুঘরে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম