ভারতের পার্লামেন্টে বিজেপির সংসদ সদস্য বরুণ গান্ধীর তোলা এক প্রশ্নের জবাবে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৭ সালের পর ৫ বছরে দেশে ৬৫৫টি এনকাউন্টার হয়েছে। আর এ ঘটনায় নিহত হয়েছেন অনেকে।
ভারতে পার্লামেন্টে পেশ করা রিপোর্টে দেখা গেছে, উত্তর প্রদেশে গত ৫ বছরে এনকাউন্টার হয়েছে ১১টি। সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে ছত্তিশগড়ে। সেখানে ১৯১টি পুলিশের এনকাউন্টারের ঘটনা উঠে এসেছে। আসামে ৫০টি এনকাউন্টারের ঘটনা দেখা গেছে। ৪৯টি এনকাউন্টারের ঘটনা উঠে এসেছে ঝাড়খণ্ডে, ওড়িশায় ৩৬টি এনকাউন্টার তালিকায় এসেছে। এছড়াও উড়িষ্যায় ৩৬টি এনকাউন্টার হয়েছে গত পাঁচ বছরে।
ভারত সরকারের রিপোর্টে দেখা গেছে, জম্মু ও কাশ্মীর পুলিশের এনকাউন্টার হয়েছে ৩৫টি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন,মোট ২৬টি পুলিশি এনকাউন্টার হয়েছে মহারাষ্ট্রে। একই সময়ে বিহারে ২২, হরিয়ানায় ১৫, তামিলনাড়ুতে ১৪, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ ও অরুণাচলের প্রতিটি রাজ্যে শেষ পাঁচ বছরে ১৩টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। শেষ পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে ৯ টি, রাজস্থান ও দিল্লিতে ৮টি এনকাউন্টার তালিকাবদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, বরুণ গান্ধী এদিন প্রশ্ন তুলেছিলেন যে, এনকাউন্টারগুলোর নিরিখে দেশে কতজন অফিসারের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে কেন্দ্রীয় রিপোর্ট যখন জানাচ্ছে উত্তর প্রদেশে শেষ ৫ বছরে ১১৭টি এনকাউন্টার হয়েছে, তখন গত বছর ওই রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অবীনাশ অবস্থি জানিয়েছেন, শেষ পাঁচ বছরে উত্তর প্রদেশে ১৩৯ জন অপরাধী মারা গেছে এনকাউন্টারে। আহত হয়েছে ৩ হাজার ১৯৬ জন।








