ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযো করেছেন তৃনমূল কংগ্রেস গোয়া বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট বিভক্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন দলটি প্রকাশ্যে এই দাবি করছে। বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান মোদি। উত্তর প্রদেশের কানপুরে এক নির্বাচনি র্যালিতে এসব অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি।
বিজেপি শাসিত গোয়া রাজ্যের ৪০টি আসনে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যটিতে নিজেদের উপস্থিতি সম্প্রসারণে মরিয়া চেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মহুয়া মৈত্র বলেছেন সুধীন ধাবালিকারের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির (এমজিপি) সঙ্গে তাদের জোট উপকূলীয় রাজ্যটিতে হিন্দু ভোট এক হওয়া ঠেকাবে।
মহুয়া মৈত্র মূলত উত্তর গোয়াকে টার্গেট করে এই মন্তব্য করেন। তিনি দাবি করেন ওই এলাকায় ১৩/১৪টি আসনে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এমজিপি। মহুয়া বলেন, এই আসনগুলোতে ভোটাররা কংগ্রেসকে ভোট দেবে না। তিনি দাবি করেন, তাদের জোটের সাহায্য ছাড়া কোনও দলই গোয়ায় সরকার গঠন করতে পারবে না।
২০১৭ সালের নির্বাচনে পর বিজেপি এমজিপির সঙ্গে জোট গড়ে গোয়ায় সরকার গঠন করে। যদিও ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় কংগ্রেস। তবে মনোহর পারিকরের নেতৃত্বাধীন গোয়ার বিজেপি সরকার ২০১৯ সালের মার্চে ধাবালিকারকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়। এবারের নির্বাচনের আগে এমজিপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়েছে।
কানপুরের র্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেন। দলটি উত্তর প্রদেশে দিন রাত লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মোদি বলেন, ‘এই মানুষগুলো মাফিয়াদের খোলা হাত দিয়েছে। এই ঘোর পরিবারবাদীরা বিভিন্ন এলাকা নিজেদের পরিবারের মধ্যে ভাগ করে নিয়েছে। এই মানুষগুলো সফল হলে কানপুরের মাফিয়াগঞ্জ মহল্লা প্রতিটি শহরে গড়ে উঠবে।’
সূত্র: এনডিটিভি








