ভারতের পশ্চিমবঙ্গে গোমূত্রে ‘সোনা’ পাওয়ার গুজব ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি সেই সোনা অর্থের বিনিময়ে বিক্রিও করা হয়েছে বলে গুজব শোনা যাচ্ছে।
দেগঙ্গার গোবর্ধনপুরের বাসিন্দা আনসার আলি। পেশায় কসাই। মূলত গরুর মাংস প্রক্রিয়াজাত করেন তিনি। সম্প্রতি একটি গরুর মূত্রথলি থেকে সোনালী রঙের কিছু বস্তু পান তিনি। আর এই ঘটনায় এলাকায় গুজব ছড়ায়, গরুর মূত্র থলি থেকে মিলেছে সোনা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। গরুর মূত্রথলিতে পাওয়া বস্তু দেখতে ভিড় করেন স্থানীয়রা।
আনসার আলি জানান, বিষয়টা নিয়ে যখন চারিদিকে সাড়া পড়ে যায়, সেই সময় তিনি এক ব্যবসায়ীর কাছে সেটি কি জিনিস জানতে চান। তার দাবি, ওই বস্তু কোনও ভাবেই সোনা হতে পারে না। মানুষের যেমন পাকস্থলীতে পাথর জমে। ঠিক তেমনি গরু-ছাগলের মূত্রথলিতে এরকম পাথর থাকে। সম্ভবত উদ্ধার হওয়া বস্তু সেরকমই কিছু।
এ বিষয় নিয়ে স্থানীয় পশু চিকিৎসক উৎপল পাল জানান, গরু-ছাগলের মূত্রথলিতে এই ধরনের পাথর জন্মায়। অনেক সময় হঠাৎ মূত্র বন্ধ হয়ে গিয়ে গরু-ছাগলের মৃত্যু হয়। সোনার বিষয়টি সম্পূর্ণ গুজব।
বিজেপি নেতা দিলীপ ঘোষ একবার গরুর দুধে সোনা থাকার দাবি করেছিলেন। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে।









