নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন পৌরভোটে দাঁড়ানো বিজেপির কয়েকজন প্রার্থী। পশ্চিমবঙ্গের মোদিনীপুর জেলার কাঁথি পৌরসভার সব ওয়ার্ড ও ভাটপাড়ার পৌরসভার তিনটি ওয়ার্ডের নিরাপত্তা চেয়ে মামলা করেন বিজেপি প্রার্থীরা।
সামনেই পৌরসভা নির্বাচন। সেখানে কাঁথির সব ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা ও ভাটপাড়ার তিনটি ওয়ার্ডের (১, ১১ ও ৩) বিজেপি প্রার্থীরা অভিযোগ করেছেন, তারা নানাভাবে হুমকির শিকার হচ্ছেন। তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
তাদের দাবি, অবিলম্বে নিরাপত্তা দেওয়া হোক। বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলার জরুরি শুনানির আবেদন জানান। মঙ্গলবার সকালে বিচারপতি রাজা শেখর মান্থা মামলাটি শুনবেন।
বিজেপির পক্ষ থেকে বারবার হাইকোর্টে জানানো হয়েছে, যেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়। চার পৌরসভার নির্বাচনের সময়েও আলাদা করে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বিজেপি। এবারে ১০৮ পৌরসভা ক্ষেত্রে অনেক জায়গাতেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না, তারা হুমকির শিকার হচ্ছেন বলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।
ইতোমধ্যেই পৌর ভোটের নিরাপত্তার হাল কেমন, আদৌ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না তার সবদিক খতিয়ে দেখতে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।
সূত্রের খবর, ১০৮ টি পৌরসভায় পুলিশের রুট মার্চ ঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। বিভিন্ন পৌর এলাকায় রুট মার্চ হচ্ছে না বলে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার রিপোর্ট তলব করল কমিশন। পৌরসভা নির্বাচনে এ বার কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করাচ্ছে কমিশন। ফলে প্রথম থেকেই বেশ কঠোর অবস্থানে কমিশন।
পৌরসভা ভোট উপলক্ষ্যে বিরোধীদের বারবার আবেদন সত্ত্বেও রাজ্য পুলিশকেই বেছে নিয়েছে কমিশন। তারপরেও রাজ্যে কিন্তু অশান্তি ও অনিয়মের অভিযোগ থামেনি। চার পৌর নিগমের ভোটেও অনেক ছাপা ভোটের অভিযোগ উঠেছিল। তবুও, শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করে রাজ্য নির্বাচন কমিশন। পাল্টা, পৌরভোটে অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু আগেই বলেছিলেন, পৌর নিগমের নির্বাচনে যেভাবে ভোট হয়েছে তাতে আদালতে মামলা দায়ের করা উচিত। সেই দিক থেকে নিজেদের ‘গুডবয় ইমেজ’ ধরে রাখতে তৎপর কমিশন।









