হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অবহেলা ও গা-ছাড়া মনোভাবই দলিত শিক্ষার্থী রোহিত ভেমুলার মৃত্যুর জন্য দায়ী। ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দুই সদস্যের প্রতিনিধি দলের প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি এই দুই সদস্যকে আত্মহত্যার বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন।
কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে জাতের ভিত্তিতে পক্ষপাত, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ নিয়ে স্মৃতি ইরানির মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। সেই চিঠি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বার বার নির্দেশ দেয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। বিক্ষোভকারী ছাত্রদের দাবি, তার পরেই রোহিত ভেমুলাকে দ্বিতীয় বার সাসপেন্ড করা হয়। যার ফলে আত্মহত্যা করেন রোহিত।
কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে দুই সদস্যকে হায়দ্রাবাদ পাঠানো হয়েছিল তাদের প্রতিবেদনে অন্য বিষয় ওঠে এসেছে। দুই প্রতিনিধির দাবি, উপাচার্য-রেজিস্ট্রারের মতো বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয়ের চিঠিকে গুরুত্বই দেননি। একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়নি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টিকে। বিশ্ববিদ্যালয়ে বঞ্চনার শিকার হচ্ছেন সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরা। যার ফলে রোহিতের আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা এই প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের দাবি, এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেনি মন্ত্রণালয়ের পাঠানো দলটি। এক আন্দোলনকারী ছাত্রনেতার জানান, মন্ত্রণালয়ের পাঠানো দল তো আর তাদের দোষ দেখতে পারে না। তাই দুই কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপকে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে।
বুধবারও অনশনরত শিক্ষার্থীদের এক জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বিপিন শ্রীবাস্তবের শান্তি ফেরানোর আহ্বানও কাজে আসেনি। বুধবার শিক্ষার্থীরা একটি শান্তি মিছিল বের করার চেষ্টা করেন। এতে বাধা দেয় পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে ৫৪ জন বিক্ষোভকারীকে হেফাজতে নিলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ওই ঘটনা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের সুপারিশ করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দুই সদস্যের দলটি। এর ভিত্তিতে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
/এএ/








