পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর নেতৃত্ব ভারত দিক। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বলে জানান তিনি। সোমবার কলকাতা আন্তর্জাতিক বই মেলার উদ্বোধনের সময় তিনি বলেন, ‘কোভিডের সঙ্গে লড়াই করতে দুই বছর কেটে গেলো। তাই আর যুদ্ধ নয়।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বিশ্ব শান্তির পক্ষে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। এটা প্রকাশ্যে চলে এসেছে, সেই কারণে বলছি, একসময় জোটনিরপেক্ষ আন্দোলনে পথ দেখিয়েছিল ভারত। আসুন না, ভারতই নেতৃত্ব দিয়ে যুদ্ধের সমাধান করে দিক। কথা বলে যা হয়, মানুষের প্রাণ কেড়ে নিয়ে তা হয় না।’
এ দিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত সরকারের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা। ওই চিঠিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বরবারের নীতিকেও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন,'যুদ্ধের বিরুদ্ধে আমরা। আন্তর্জাতিক শান্তিরক্ষায় আমাদের ভূমিকা একই থাকুক।'
একই সঙ্গে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর ব্যাপারেও লিখেছেন মমতা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পাশাপাশি সর্বদলীয় বৈঠকের আবেদনও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে ভারতের অবস্থান কী হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে চলতে হবে।’









