পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে সবার নজর ছিল নন্দীগ্রামে। সেখানে তৃণমূলের প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মাটি আঁকড়ে পড়ে থেকে লড়াই করেছিলেন মমতা। ভোটের প্রচারে বেরিয়ে আহত হয়েছিলেন তিনি। তখনই তিনি অভিযোগ করেছিলেন তাকে খুনের চেষ্টা করা হয়েছে। এবার আরও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, নন্দীগ্রামে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এমনকি প্রচার পর্যন্ত আমাকে করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রকারীদের উচিত এখন মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা।’
মমতার নন্দীগ্রাম প্রসঙ্গে অবশ্য মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম নিয়ে কোনও অভিযোগ থাকলে, আর কেউ ষড়যন্ত্র করলে প্রশাসনকে দিয়ে তদন্ত করে দেখার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু।
উল্লেখ্য, ২০২১ বিধানসভা ভোটে নন্দীগ্রামে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে বসে ভোট পর্ব শেষ করেন তৃণমূল সুপ্রিমো।









