পশ্চিমবঙ্গের বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। বালিগঞ্জে বামফ্রন্টের তরফে সিপিএমের প্রার্থী হচ্ছেন সায়রা শাহ হালিম ও আসানসোলে সিপিএমের হয়ে নাম ঘোষণা করা হয়েছে পার্থ মুখোপাধ্যায়ের।
বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। আসানসোলের প্রার্থী পার্থ মুখোপাধ্যায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই থেকে উঠে এসেছেন। বর্তমানে তিনি সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ছাড়াও জোন সম্পাদকের পদে রয়েছেন। রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা কমিটিতে। পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি হয়ে যাওয়া আসানসোল পৌরসভার নির্বাচনে অনেক জায়গাতেই বামেরা দ্বিতীয় স্থানে রয়েছে। লড়াই হবে তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধে।’
অপর দিকে, একুশের বিধানসভায় বালিগঞ্জ বিধানসভার সিপিএম প্রার্থী চিকিৎসক ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম প্রার্থী হয়েছেন। তিনি বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইজি। সায়রা শাহ হালিমের পরিচিতি সমাজকর্মী হিসেবে। মানবাধিকার কর্মী হিসেবেই পরিচিতি রয়েছে। সিপিএম-এর তরফে জাতীয় পর্যায়ে টেলিভিশন টকশোয়ের পরিচিত মুখ তিনি।
আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।









