বেকারত্ব, সরকারি চাকরির নিয়োগ দুর্নীতির ইস্যুতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতার সল্টলেক বিকাশ ভবন অভিমুখে বিক্ষোভ করেছে বিজেপির যুবমোর্চা। দফায় দফায় এই বিক্ষোভ আটকানোর চেষ্টা করে পুলিশ। পাল্টা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় গেরুয়া বাহিনী। সবমিলিয়ে এদিন দুপুরে বিজেপির বিকাশ ভবন অভিমুখে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার সল্টলেক। ধ্বস্তাধ্বস্তি ও জলকামানে কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির।
করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভের পরিকল্পনা ছিল বিজেপির যুবমোর্চার। এতে যোগ দিতে দিল্লি থেকে উড়ে আসেন বিজেপির যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্ব সূর্য। যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা।
করুণাময়ী মোড় থেকে মিছিল খানিকটা এগোতেই বিজেপি নেতা-কর্মীদের আটকে দেওয়া হয়। গার্ডরেল দিয়ে একের পর এক ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। কিন্তু কোনও বাধাই মিছিল আটকাতে পারেনি। শেষে মিছিল ময়ূখ ভবনের কাছে পৌঁছাতেই জলকামান ছুঁড়তে থাকে পুলিশ। এর মধ্যেও সুকান্ত মজুমদার পরপর দুইটি ব্যারিকেড ভাঙেন। পরে অবশ্য পুলিশি বাধা পেরিয়ে বেশি অগ্রসর হওয়া সম্ভব হয়নি। বরং রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়ে ফিরে আসতে হয় তাদের।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভুলুণ্ঠিত। আন্দোলনের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। তাই মিছিলে জলকামান প্রয়োগ করে পুলিশ। যদিও সল্টলেকের নিরাপত্তার দায়িত্বে থাকা বিধাননগর পুলিশের দাবি, মিছিলের অনুমতিই ছিল না। তাই প্রথমে জমায়েতকারীদের ফিরে যেতে বলা হয়। কথা না শোনায় জলকামান ব্যবহার করা হয়।









