অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চার শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। তাদের কাছে ভারতীয় আধার কার্ড, সিম কার্ডও মিলেছে বলে জানা গেছে।
ভারতের কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের শুকারুর কুঠির ছাবরি সীমান্ত দিয়ে বুধবার রাতে অবৈধভাবে পারাপার হচ্ছিল তারা। এ সময় সীমান্তে পাহারারত বিএসএফের ১৯২ নম্বর ব্যাটালিয়ানের কর্তব্যরত জওয়ানরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে চার শিশু ছাড়া অন্যরা হচ্ছেন মাসুদ আলী, মুজিবর শেখ, আজিজুল হক, ফুলিয়ান বিবি, ইশারত বেগম, অনু বিবি। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে। তাদের কাছ থেকে ভারতীয় সিমসহ তিনটি মোবাইল ছাড়াও নগদ প্রায় আড়াই হাজার টাকা উদ্ধার হয়।
যে আধার কার্ড উদ্ধার করা হয়েছে সেটাও বিএসএফ ও পুলিশ খতিয়ে দেখছে। কিভাবে তারা সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছায় তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গেছে, ইতোপূর্বে তারা অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। বুধবার রাতে দালাল ধরে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদের হাতেনাতে ধরে ফেলে। বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের বৃহস্পতিবার সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।









