ভারতের ব্যাঙ্গালুরুতে একটি স্কুলে একটি চিতা বাঘের হামলায় ৬ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার চিতাকে আটক করতে গিয়ে এই ছয়জন আহত হন। চেতনা নাশক প্রয়োগ করে ১০ ঘণ্টার চেষ্টায় বাঘটিকে আটকের পর ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, পার্শ্ববর্তী একটি খোলা জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে এসে স্কুলে প্রবেশ করে। ৮ বছর বয়সী পুরুষ চিতাটি কুন্দালাহালি এলাকায় অবস্থিত ওই স্কুলের চত্ত্বরে ঘোরাফেরা করছিল। এ সময় চিতা বাঘটি লোকজনের ওপর ঝাপিয়ে পড়তে থাকে। চিতাকে আটকের এই অভিযানে এক বিজ্ঞানী ও এক বন কর্মীও চিতার আক্রমণে আহত হন। আটকের পর চিতাকে ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এস বোরিলিঙ্গাইয়া জানান, দীর্ঘক্ষণ চেষ্টার পর চিতাটিকে আটক করা হয়।আটক করতে চিতাকে বন্দুকের সাহায্যে ট্রাংকুইলাইজার ইনজেকশন দেওয়া হয়। এরপরও চিতাটিকে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটের আগে আটক করা সম্ভব হয়নি। চেতনা নাশক ওষুধ সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পরই আটক করা হয়।
বন্যপ্রাণি শুমারি অনুযায়ী, ভারতে ১২ হাজার থেকে ১৪ হাজার চিতা রয়েছে। সূত্র: বিবিসি।
/এএ/








