পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেস ব্যতীত বিরোধী জোট সম্ভব নয় বলে স্পষ্ট করলেন তিনি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) কলকাতায় এসে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে এ বার্তা দেন তিনি। এদিন তিনি মূলত দেশজুড়ে বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে এ কথা জানান।
জয়রাম বলেন, 'বিরোধী জোট নিয়ে কথা চলতে থাকে। কংগ্রেস ছাড়া বিরোধীদের জোট অসম্ভব। কিন্তু অনেক দলই বিরোধী জোট চায়, কংগ্রেসকে দুর্বল করার জন্য। এটা আমরা হতে দেবো না। আপনারা যদি কংগ্রেসের সঙ্গে আসতে চান, তাহলে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করবেন না।'
এদিকে জাতীয় কংগ্রেস ভেঙে বহু আঞ্চলিক দলের সৃষ্টি। তাই এক সময়ের শক্তিশালী কংগ্রেস দল কেন্দ্রের ক্ষমতা হারানোর পর থেকেই ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে। বহু হেভিওয়েট নেতা বা তাদের উত্তরসূরিরা কংগ্রেস ত্যাগ করে আঞ্চলিক দল বা বিজেপির হাত শক্ত করেছে। যেমন বিজেপিতে যোগ দিয়েছেন মাধব রাও সিন্ধিয়ার ছেলে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সুস্মিতা দেব। সন্তোষ মোহন দেবের কন্যা। এ ছাড়াও কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ায় বঙ্গেও কংগ্রেস দলে তার প্রভাব পড়েছে বেশির ভাগ তৃণমূল নেতা কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন।
সেই প্রসঙ্গ উসকে দিয়ে এদিন জয়রাম বলেন, 'কংগ্রেস নামের পেটেন্ট থাকলে ভালো হতো। কংগ্রেস থেকে বেরিয়ে এই নামের ব্যবহার করা হয়। কেউ কেউ বিরোধী জোট গড়ে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। নিজেদের দলের সঙ্গেও কংগ্রেস নাম জোড়ার চেষ্টা করছে। কংগ্রেসকে ভাঙা যাবে না।'
তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি কলকাতায় বসে নাম না করে মমতাকেই কার্যত বিদ্ধ করলেন বর্ষীয়ান এই নেতা।
কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র দায়িত্বের অন্যতম এই দুই বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ ও দিগ্বিজয় সিং জানান, “কয়েক মাসের মধ্যে বাংলাতেও এই রকম যাত্রা হবে। ২৮ তারিখ এই নিয়ে বৈঠক হবে। বাংলা থেকে ১০০ জন যোগ দেবে এই যাত্রায়।”
উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা যে সব রাজ্যের উপর দিয়ে যাচ্ছে না, সেই সব রাজ্যে পৃথকভাবে কর্মসূচির আয়োজন করছে কংগ্রেস।
অন্যদিকে লাদাখ হিল কাউন্সিলে বিজেপিকে হারিয়ে কংগ্রেস জিতেছে, সেই কথা উল্লেখ করে জয়রাম রমেশ বলেন, “কংগ্রেস মরে যায়নি, জীবিত আছে… কংগ্রেস একটি বড় হাতির মতো। ধীরে ধীরে চলে। কিন্তু যখন চলে, তখন ঠিক পথেই চলে। ভারত জোড়ো যাত্রা এই হাতির জন্য বিশাল অক্সিজেন জোগাল। কংগ্রেসকে দেশ থেকে মুছে ফেলা যাবে না।”









