পশ্চিমবঙ্গের সুন্দরবনের ন্যাশনাল পার্ক পূর্ব রেঞ্জ থানার কাছে ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে একটি কাঠের নৌকা এবং ৪টি ড্রাম জব্দ করা হয়। ওই চারটি প্লাস্টিকের ড্রামে ছিল মধু বোঝাই। প্রত্যেকটিতে প্রায় ৪০ কেজি করে মধু ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সুন্দরবনের বাগমারা ৪ এবং বাগমারা ৫ খাড়িতে টহল দিচ্ছিলেন বন কর্মকর্তারা। এটি টাইগার রিজার্ভের মূল এরিয়া। ওই সময় বন কর্মকর্তারা একটি নৌকাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। জিজ্ঞাসাবাদ করা হলে তার জানতে পারেন ওই নৌকায় আরোহী পাঁচজনের সবাই বাংলাদেশের নাগরিক।
পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন, অলিউর রহমান, মো. আসাদুল, মো. মফিজুর, সাইদুল্লা সেখ, আলম গাজী। এদেরকে গ্রেফতার করে বন দফতর।
কর্মকর্তারা জানান, তারা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। পরে তাদেরকে সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তাদের বিরুদ্ধে বন্য জীবন সুরক্ষা আইন ১৯৭২ এবং ১৪ ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬-এর আওতায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের রবিবার আলিপুর আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।









