পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে ‘নির্দল’ কাঁটায় বিদ্ধ তৃণমূল

রক্তিম দাশ, কলকাতা
২৫ জুন ২০২৩, ২৩:৪৮আপডেট : ২৫ জুন ২০২৩, ২৩:৫১

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের আগে শাসকদল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে সাড়া দেখে আপ্লুত ঘাসফুল শিবির এখন নির্দল কাঁটায় বিদ্ধ। তবে কি নবজোয়ার না উঠে, দলের অভ্যন্তরে ভাটার টান উঠলো, পঞ্চায়েত ভোটকে ঘিরে? এ নিয়ে এখন অস্বস্তিতে তৃণমূল। যেভাবে একাধিক বিধায়ক থেকে স্থানীয় নেতা-কর্মীরা দলের মনোনীত প্রার্থীকে উপেক্ষা করে নির্দলদের সমর্থনে নেমেছেন তা নিয়ে কপালের ভাঁজ চওড়া হয়েছে কালিঘাটের। ভোটের আগে নির্দল কাঁটা তুলতে দলবিরোধী কাজের জন্য একসঙ্গে ৫৬ জন নেতা-কর্মীকে বরখাস্ত করায়, এটাই স্পষ্ট হচ্ছে, এমনই মত সংশ্লিষ্টদের।

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সময় তৃণমূলের পক্ষ থেকে যে ‘মক’  ভোটের আয়োজন করা হয়েছিল তাতে বিভিন্ন জায়গায় ব্যালট ছিনতাই, মারপিটসহ একাধিক সহিংসতা হয়েছিল। তখনই আভাস মেলছিল, পঞ্চায়েত ভোট ঘোষণা হলে কী হতে পারে। হয়তো এটাই আঁচ করে দলের পক্ষ থেকে বার্তাও দেওয়া হয়েছিল। নবজোয়ার কর্মসূচি শেষে এই বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কে শোনে কার কথা, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রাজ্যের প্রায় সর্বত্রই এখন ঘাসফুল প্রতীকের সঙ্গে বটগাছ, আলমারি, ট্রাক্টর, টেবিলের মতো প্রতীক নিয়ে আসর দাপিয়ে বেড়াচ্ছেন নির্দল প্রার্থীরা। নদিয়ার ২১ জন, দক্ষিণ দিনাজপুরের ১৭ জন এবং মুর্শিদাবাদের ১০ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন আছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৫৬ জনে পৌঁছেছে। অভিষেক ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দল বহিষ্কার করবে। এবার বরখাস্ত করা হলো।’

কিন্তু দলের প্রতি এই অনাস্থা এত সহজে মিটবে না বলেই মত সংশ্লিষ্টদের। কারণ স্থানীয় এই নির্দলদের পিছনে মদত রয়েছে বেশ কিছু বিধায়ক ও নেতাদের। যা ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, হুগলির বলাগড়ের তৃণমূল মনোরঞ্জন ব্যাপারী, বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিম, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লারা প্রকাশ্যেই দলীয় প্রার্থীর প্রতি অনাস্থা জানিয়ে নিজেদের পছন্দের লোককে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তাদের হয়ে প্রচারও করছেন। এর মধ্যে বাদুড়িয়ার তৃণমূলের বিধায়কের নিজের ভাই কাজি আবদুর রশিদ হাজার খানের কর্মী-সমর্থক নিয়ে, তৃণমূল ছেড়ে বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছেন। তিনি  প্রকাশ্য সভা থেকে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে, বাম-কংগ্রেস এবং আইএসএফকে সমর্থনের কথা বলেছেন।

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে নির্দলদের ভোট দেওয়ার আবেদনও জানিয়ে তৃণমূলের ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী বলেছেন, ‘দলের যে নিয়ম কানুন আছে এখন বিদ্রোহী হওয়ার পর ওগুলো আমার ওপর নেই। আমি ঝেড়ে ফেলেছি। এখন বিদ্রোহী নেতা হিসেবে সব নির্দলদের, যারা আমাকে জিতিয়েছিলেন তাদের প্রতি ঋণী। তাদের ঋণ শোধ করতে বেরিয়েছি। স্বচ্ছ, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার জন্য নির্দল প্রার্থীদের ট্রাক্টর, টেবিল ভোট দিন।’

একইভাবে মুর্শিদাবাদ জেলার তিন তৃণমূল বিধায়ক রেজিনগরের রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ এবং জলঙ্গির আবদুর রজ্জাককে সঙ্গে নিয়ে ‘তোলাবাজদের টিকিট দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পঞ্চায়েত ভোটে টিকিট বিলি নিয়ে তিনি জেলার সাংগঠনিক সভাপতি শাওনি সিংহ রায়কে অপসারণের দাবি করেছেন। তার সাফ কথা, ‘বিধায়ক আবদুল করিম চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যাতে প্রশাসন নিরপেক্ষ আচরণ করে। আমিও মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার প্রশাসন নিরপেক্ষ থাকুক। না হলে জেলায় নির্দলদের হয়ে প্রচার করব। দেখব কার কত শক্তি?’

বলাগড়ের তৃণমূল বিধায়ক ও বিশিষ্ট দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে কিছু দিন আগে টাকা নিয়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিলির অভিযোগ করেন দলেরই এক ব্লক স্তরের নেতা। তাই নিয়ে তাকে পালটা আক্রমণ করেন মনোরঞ্জন। পঞ্চায়েতে দলীয় টিকিট বিলি নিয়ে ক্ষুব্ধ হয়ে মনোরঞ্জন সোশ্যাল মিডিয়া লিখেন, ‘হুগলি জেলার (জোনাল-৬) পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্যপদ এবং রাজ্য তৃণমূল কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু আগে আমি একটি চাকরি করতাম, নির্বাচনে লড়ার জন্য সেটি ছাড়তে হয়েছিল। দু’বছরের অধিক সময় হয়ে গেলো পঞ্চাশবার ছোটাছুটি করেও যার পেনশন এবং গ্র্যাচুইটির কিছু পাইনি। তাই এই মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারছি না। এত দিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।’ 

পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষুব্ধ মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা দলের দলের ব্লক সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘দলের মধ্যে দলবাজি রয়েছে, তাই ৫০-৫০ ভাগ হয়েছে’, দল আমার ওপর ভরসা রাখতে পারেনি। 

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবারের পঞ্চায়েত নির্বাচনে ১৯ হাজার ৯৫৩ জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক মহলের মতে, এই নির্দলদের একটা বড় অংশই তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থী। তৃণমূলের টিকিট না পেয়েই বহু প্রার্থী নির্দল হিসেবে লড়ছেন আবার অনেক জায়গাতেই কৌশলগত কারণে দলের প্রতীক না দিয়েই নির্দলদের সমর্থন করছে বিজেপি। কারণ, বিজেপি-র প্রতীকে লড়লে সরাসরি শাসক দলের সন্ত্রাসের মুখে পড়ার আশঙ্কা অনেক বেশি। তাই নির্দল হিসেবেই বহু প্রার্থীকে ভোটের লড়াইয়ে নামিয়েছে গেরুয়া শিবির।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম