চিকিৎসা করতে গিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় নিখোঁজ বাংলাদেশি নাগরিক দিলাওয়ার হোসেন উদ্ধার হয়েছেন। রবিবার (২৩ জুন) সকালে স্থানীয় একটি হাসপাতালে দিলওয়ারকে শনাক্ত করেছেন তার বাবা আবদুল করিম।
শনিবার ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক আত্মীয়ের চিকিৎসা করাতে এসেছিলেন সম্রাট মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। চা খাওয়ার জন্য বাইরে বেরিয়ে তিনি দেখেন, সামনের ফুটপাথে এক যুবক একটি ডায়াপার পরে শুয়ে আছেন। তিনি প্রথমে যুবকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কোনও সাড়া না পেয়ে সম্রাট হাসপাতালের আউটডোর বিভাগকে ওই যুবককে ভর্তি করানোর অনুরোধ করেন।
কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, বেড নেই। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনাটি ভবানীপুর থানায় জানায়। সেখান থেকে খবর যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের মিসিং পার্সন স্কোয়াডে। এরই মধ্যে পুলিশের সহায়তায় ওই যুবককে আরেকটি সরকারি হাসপাতালে ভর্তি করান সম্রাট। অন্যদিকে, মিসিং পার্সন স্কোয়াড থেকে পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করা হয়।
তখনই জানা যায়, ওই ডায়াপার পরা যুবক বাংলাদেশের পাবনার বাসিন্দা দিলাওয়ার হোসেন। স্নায়ুরোগে আক্রান্ত ওই যুবক বাবার সঙ্গে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন। গত বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল থেকে তিনি নিখোঁজ হন। পরিবার মিসিং ডায়েরি করেছিল।
এরপর রবিবার সকালে হাসপাতালে গিয়ে দিলওয়ারকে শনাক্ত করেন তার বাবা আবদুল করিম। হারানো ছেলেকে ফিরে পেয়ে সম্রাট ও কলকাতা পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি।









